ইরানের শান্তিপ্রস্তাব সরাসরি খারিজ ট্রাম্পের!
মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে নতুন করে আলোচনায় উঠে এল আমেরিকা ও ইরানের সম্পর্ক। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের শান্তিপ্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তাঁর স্পষ্ট বক্তব্য, তেহরানের দেওয়া শর্তগুলি “কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়”।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলেছিল তেহরান। সবচেয়ে বড় দাবি ছিল চলমান সংঘাত ও নিষেধাজ্ঞার কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ। পাশাপাশি, হরমুজ় প্রণালীতে নিজেদের পূর্ণ সার্বভৌম অধিকার বজায় রাখার কথাও জানিয়েছে ইরান।
এ ছাড়া, ওই গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবিও ছিল শান্তিপ্রস্তাবে। কারণ, হরমুজ় প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ। সেখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়তে পারে।
ইরান আরও জানিয়েছে, তাদের তেল রফতানির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করেছে, অন্তত ৩০ দিনের জন্য তা প্রত্যাহার করতে হবে। তেহরানের দাবি, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে আগে অর্থনৈতিক চাপ কমানো জরুরি।
অন্য দিকে, লেবাননের হিজ়বুল্লা-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘আল ময়াদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত পাকিস্তানের মাধ্যমেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ চালু থাকবে। সরাসরি আলোচনার পথে এখনও হাঁটতে চাইছে না দুই দেশ।
এ দিকে, The Wall Street Journal-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে ইরান। মার্কিন প্রস্তাবে যেখানে ২০ বছরের জন্য কর্মসূচি স্থগিত রাখার কথা বলা হয়েছিল, সেখানে ইরান কম সময়ের জন্য তা বন্ধ রাখতে রাজি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে তেহরান— কোনও পরমাণু কেন্দ্র ধ্বংস করা হবে না।
বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব খারিজ হওয়ার ফলে আপাতত দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও কঠিন হয়ে গেল। যদিও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি, তবু পরিস্থিতি যে এখনও যথেষ্ট উত্তপ্ত, তা স্পষ্ট।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা