পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এ বার রাজ্য সরকারের উপদেষ্টা! ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় মিঠুন চক্রবর্তী

ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় মিঠুন চক্রবর্তী পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হয়ে মন্ত্রীসুলভ দাপট দেখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ বার বাস্তবেও পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ‘মহাগুরু’। তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে মিঠুনকে…

October 7, 2026
1 min read

ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় মিঠুন চক্রবর্তী

পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হয়ে মন্ত্রীসুলভ দাপট দেখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ বার বাস্তবেও পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ‘মহাগুরু’। তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে মিঠুনকে নিয়োগ করল রাজ্য সরকার। তাঁকে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা।

বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন। রাজ্যপালের অনুমোদনের ভিত্তিতেই এই নিয়োগ হয়েছে বলে প্রশাসনিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে মিঠুনের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা এখনও বিস্তারিত ভাবে জানানো হয়নি। বর্তমানে তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। সেই দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবেই কাজ করবেন মিঠুন। প্রশাসনিক সূত্রে তাঁর দায়িত্বের পরিধি পরবর্তী সময়ে আরও স্পষ্ট হতে পারে।

মিঠুনের নতুন দায়িত্ব অবশ্য আচমকা নয়। এর আগে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। নিউটাউনে তৈরি হতে চলা উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানেও মিঠুনকে ওই প্রকল্পের উপদেষ্টা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই ইঙ্গিত মিলেছিল, রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে আরও বড় দায়িত্ব পেতে পারেন ‘মহাগুরু’।

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেই আয়োজনের জন্য গঠিত কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও ইতিমধ্যে পেয়েছেন মিঠুন। ফলে রাজ্যের চলচ্চিত্র ও সংস্কৃতি সংক্রান্ত একাধিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ক্রমেই বাড়ছে।

এই মুহূর্তে আলিপুরদুয়ারে একটি ছবির শুটিংয়ে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নতুন দায়িত্বের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মিঠুনের রাজনৈতিক পরিচয়ও দীর্ঘ দিনের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। তার আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। গত কয়েক বছরে বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে দলের তারকা প্রচারক হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।

এ বার সেই অভিনেতা-রাজনীতিকই পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক পরিসরে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন। তবে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেলেও মিঠুন রাজ্যের পূর্ণমন্ত্রী হিসেবে নিযুক্ত হননি—তাঁর পদটি সাংস্কৃতিক উপদেষ্টার।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *