গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা?
শীতকালেই শুধু নয়, তীব্র গরমেও অনেকের গলা ব্যথা, খুশখুশে ভাব বা গিলতে অস্বস্তির সমস্যা দেখা দেয়। সারাদিন রোদে থাকার পর হঠাৎ ঠান্ডা পানীয় খাওয়া, দীর্ঘক্ষণ এসি-ঘরে থাকা বা মুখ খুলে ঘুমানোর মতো কারণেই এমন সমস্যা বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেত্রে মুখ ও গলার স্বাভাবিক আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা তৈরি হয়, যার ফলেই শুরু হয় অস্বস্তি।
তবে প্রাথমিক পর্যায়ে কিছু সহজ ঘরোয়া উপায়েই অনেকটা স্বস্তি পাওয়া সম্ভব।
১. গরম জল দিয়ে গার্গল করুন
সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জলে সামান্য নুন মিশিয়ে গার্গল করতে পারেন। চাইলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপটিক মাউথওয়াশও ব্যবহার করা যেতে পারে। এতে গলার জ্বালা ও অস্বস্তি কমতে সাহায্য করে।
২. ভেষজ পানীয় বা কড়া খান
আদা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ও তুলসী একসঙ্গে জলে ফুটিয়ে একটি ভেষজ পানীয় তৈরি করুন। সামান্য মধু মিশিয়ে দিনে দুই থেকে তিন বার পান করলে গলার খুশখুশে ভাব কমতে পারে। আদা-চাও এ ক্ষেত্রে উপকারী।
৩. মুখে রাখুন লবঙ্গ বা শুকনো আদা
গলা বারবার খুশখুশ করলে একটি লবঙ্গ বা ছোট টুকরো শুকনো আদা মুখে রাখতে পারেন। ধীরে ধীরে এর রস গলায় পৌঁছালে অস্বস্তি কমতে পারে। এ দু’টিতেই রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক গুণ।
৪. শরীরকে আর্দ্র রাখুন
গলা শুকিয়ে গেলে সমস্যা আরও বাড়ে। তাই সারা দিনে পর্যাপ্ত জল পান করা জরুরি। হালকা গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে খেতেও পারেন। এতে ভিটামিন সি পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে যাঁদের অম্বলের সমস্যা আছে, তাঁদের খালি পেটে এই পানীয় না খাওয়াই ভালো।
৫. গরম ভাপ নিন
গলা ব্যথার সঙ্গে যদি নাক বন্ধ থাকা বা মাথা ভার লাগার সমস্যাও থাকে, তবে গরম জলের ভাপ নেওয়া উপকারী হতে পারে। ভাপ গলার শুষ্কতা কমায় এবং শ্বাসনালিকে কিছুটা আরাম দেয়।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
যদি গলা ব্যথা কয়েক দিনের বেশি স্থায়ী হয়, জ্বর আসে, শ্বাস নিতে কষ্ট হয় বা গিলতে সমস্যা বাড়তে থাকে, তাহলে ঘরোয়া টোটকার উপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
গরমকালে গলা ব্যথা সাধারণ সমস্যা হলেও সঠিক যত্ন নিলে দ্রুত আরাম পাওয়া সম্ভব। পর্যাপ্ত জল পান, ঠান্ডা খাবার-পানীয় এড়িয়ে চলা এবং এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?