বিশ্বকাপে ইরানকে দেখা যাওয়ার আশা জোরালো!
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ফিফার শীর্ষ কর্তাদের সঙ্গে ইরানের ফুটবল প্রশাসনের সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি অনেকটাই ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
ফিফার সচিব মাতিয়াস গ্রাফস্টর্ম সম্প্রতি ইরানের ফুটবল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পর দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। গ্রাফস্টর্ম জানিয়েছেন, আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক। তাঁর কথায়, বিশ্বকাপে ইরানকে দেখা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। যদিও এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।
তিনি আরও জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে ফিফা নিয়মিত বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করে থাকে। ইরানের ক্ষেত্রেও সেই প্রক্রিয়াই চলছে। তবে ইরানের ফুটবল কর্তাদের আগ্রহ এবং সহযোগিতার মনোভাব ফিফাকে আশাবাদী করে তুলেছে।
আগামী বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। কিন্তু দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আমেরিকার মাটিতে ইরানের খেলা নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে নানা জল্পনা তৈরি হয়েছিল।
তবে সাম্প্রতিক বৈঠকের পর সেই আশঙ্কা অনেকটাই কমেছে। গ্রাফস্টর্ম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত ফিফা।
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজও একই সুরে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যেসব উদ্বেগ বা সমস্যার কথা তুলে ধরা হয়েছিল, ফিফা তা গুরুত্ব দিয়ে শুনেছে। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, বিশ্বকাপে অংশ নিতে যাতে কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয়, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
তুরস্কে ইরানের প্রস্তুতি শিবির চলার সময়ই এই বৈঠক হয়েছে। বিশ্বকাপের আগে সেখানে অনুশীলন করছে ইরান দল। সেই কারণেই ফিফার প্রতিনিধিরা তুরস্কে গিয়ে সরাসরি বৈঠক করেন।
বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। তাই দ্রুত সব অনিশ্চয়তা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে ফিফা। আর সেই লক্ষ্যেই ইরানের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতি বলছে— আগামী বিশ্বকাপের মঞ্চে ইরানকে দেখা যাওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেকটাই বেড়েছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা