কাঁচা হলুদে বানান ৭টি স্বাস্থ্যকর ও সুস্বাদু পদ!
ভাজা, ঝোল বা কষা—বাঙালির হেঁশেলে হলুদ যেন অবিচ্ছেদ্য। কিন্তু বেশির ভাগ সময়েই আমরা ভরসা রাখি প্যাকেটের গুঁড়োয়। অথচ প্রকৃত স্বাদ আর পুষ্টিগুণ লুকিয়ে আছে কাঁচা হলুদের ভেতরেই। কাঁচা হলুদে থাকা কারকিউমিন শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই গুঁড়োর বদলে কাঁচা হলুদ দিয়েই ঘরে ঘরে বানাতে পারেন দারুণ কিছু পদ—স্বাদে যেমন আলাদা, তেমনই শরীরের পক্ষেও উপকারী।



6
১) কাঁচা হলুদের আচার
শীতের দিনে এই আচার জমিয়ে দেয় স্বাদ। কাঁচা হলুদ ছোট টুকরো করে সর্ষের তেলে মেখে নিন। যোগ করুন কাঁচালঙ্কা, রসুন, আদা আর নুন। সকালে পরোটা বা লুচির সঙ্গে একেবারে জম্পেশ।
২) হলুদের তরকারি
উত্তর ভারতের জনপ্রিয় এই পদে কাঁচা হলুদ বেসনের সঙ্গে মিশে একেবারে আলাদা স্বাদ দেয়। আদা ও হালকা মশলায় কষিয়ে নিলে গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে।
৩) কাঁচা হলুদের থোক্কু
দক্ষিণ ভারতের প্রিয় এই ঘন চাটনি তৈরি হয় কাঁচা হলুদ, তেঁতুল, শুকনো লঙ্কা আর তিলের তেলে। দোসা, ইডলি, উত্তপ্পম—সব কিছুর সঙ্গেই মানিয়ে যায়।
৪) কাঁচা হলুদের ঘি
দেশি ঘিয়ে ধীরে ধীরে কাঁচা হলুদ ফুটিয়ে ছেঁকে নিন। এই হলুদঘি রুটি বা ভাতের উপর মাখিয়ে খেতে পারেন, আবার অন্য রান্নাতেও ব্যবহার করা যায়। হালকা সুগন্ধ আর বাড়তি উপকার—দুটোই মিলবে।
৫) কাঁচা হলুদের চাটনি
হিমালয় অঞ্চলে জনপ্রিয় এই চাটনিতে থাকে গোটা সর্ষে, লেবুর রস আর নুন। ঝাঁঝালো স্বাদ যাঁরা পছন্দ করেন, তাঁদের পাতে একেবারে মানানসই।
৬) হলুদের কাঞ্জি
উত্তর ভারতের টকটকে পানীয়। জলে কাঁচা হলুদ, গাজর আর সর্ষেগুঁড়ো ফারমেন্ট করে বানানো হয়। হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখতেও কার্যকর।
৭) হলুদের থেপলা
গুজরাতি এই শীতকালীন পদে থেপলার ময়ানে কাঁচা হলুদ, মেথি পাতা, জিরে আর গোলমরিচ মেশে। নরম, সুগন্ধি থেপলা চা বা দইয়ের সঙ্গে দারুণ লাগে।
প্যাকেটের গুঁড়ো ছেড়ে একবার কাঁচা হলুদে হাত দিলেই বোঝা যাবে—স্বাদ আর স্বাস্থ্যের এই যুগলবন্দি কতটা সহজ। রান্নায় একটু যত্ন নিলেই প্রতিদিনের খাবার হয়ে উঠতে পারে ওষুধের মতোই উপকারী।