পুজোর জলখাবারে সাদা লুচি একঘেয়ে?
দুর্গাপুজোর ছুটিতে সকালে গরম গরম লুচি আর ছোলার ডাল কিংবা আলুর চচ্চড়ি— বাঙালির কাছে এই জুড়ির আবেদনই আলাদা। তবে প্রতি বার একই স্বাদের লুচি খেতে খেতে একঘেয়েমি আসতে পারে। তাই এ বার পুজোর জলখাবারে আনুন একটু নতুনত্ব। ময়দার সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়েই বানিয়ে নিতে পারেন ছানার লুচি, আলুর লুচি কিংবা সুজির লুচি। রইল তিনটি সহজ রেসিপি।
১. ছানার লুচি
লুচি নরম ও স্বাদে আলাদা করতে চাইলে ময়দার সঙ্গে মিশিয়ে নিন ছানা।
উপকরণ: ছানা, ময়দা, নুন, জোয়ান, ঘি এবং প্রয়োজনমতো জল।
প্রণালী: প্রথমে ছানা থেকে অতিরিক্ত জল ঝরিয়ে ভাল করে মেখে মসৃণ করে নিন। এর সঙ্গে ময়দা, স্বাদমতো নুন, সামান্য জোয়ান এবং ঘি দিয়ে ময়ান তৈরি করুন। অল্প অল্প জল দিয়ে সব উপকরণ ভাল করে মেখে নিন। মাখা ময়দায় সামান্য তেল মাখিয়ে পরিষ্কার কাপড়ে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। তার পর ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে গরম তেলে ভেজে নিন। ছানা মেশানোয় লুচির স্বাদ ও গঠনে আসবে নতুনত্ব।
২. আলুর লুচি
সেদ্ধ আলু দিয়ে তৈরি এই লুচিতে মশলার স্বাদ থাকবে। সঙ্গে আলাদা করে তরকারি না থাকলেও জলখাবারে বেশ ভাল লাগবে।
উপকরণ: সেদ্ধ আলু, ময়দা, নুন, সামান্য চিনি, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেপাতাকুচি এবং ঘি বা সাদা তেল।
প্রণালী: প্রথমে সেদ্ধ আলু ঠান্ডা করে ভাল করে চটকে নিন। তাতে নুন ও লঙ্কাগুঁড়ো মেশান। এ বার আলুর দ্বিগুণ পরিমাণ ময়দা নিন। তার সঙ্গে চটকানো আলু, সামান্য চিনি, হলুদগুঁড়ো, ধনেপাতাকুচি এবং ঘি বা তেল দিয়ে ময়ান তৈরি করুন। আলুতে জল থাকায় অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন কম হতে পারে। তাই অল্প অল্প করে জল মিশিয়ে ময়দা মেখে নিন। ঢেকে আধ ঘণ্টা রেখে লেচি কেটে বেলে গরম তেলে ভেজে নিন।
৩. সুজির লুচি
সুজি দিয়ে তৈরি লুচিও পুজোর জলখাবারে রাখতে পারেন। এতে স্বাদ ও গঠনে মিলবে আলাদা অভিজ্ঞতা।
উপকরণ: সুজি, ময়দা, ঘি, নুন, সামান্য চিনি, গুঁড়ো দুধ, ধনেপাতাকুচি, চিলি ফ্লেক্স এবং জল।
প্রণালী: কড়াইয়ে ঘি গরম করে সুজি মাঝারি আঁচে ভেজে নিন। খেয়াল রাখবেন, সুজির রং যেন বদলে না যায়। এ বার জল, নুন ও সামান্য চিনি দিয়ে সুজি সেদ্ধ করুন। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। সুজি ঠান্ডা হলে ভাল করে মেখে তার সঙ্গে ময়দা, গুঁড়ো দুধ, ধনেপাতাকুচি ও চিলি ফ্লেক্স মেশান। প্রয়োজনমতো ঘি দিয়ে ময়ান তৈরি করে ময়দা মেখে ঢেকে ৩০ মিনিট রাখুন। তার পর লেচি কেটে লুচি বেলে গরম তেলে ভেজে নিন।
পুজোর সকালে এই তিন ধরনের লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন ছোলার ডাল, আলুর চচ্চড়ি কিংবা নিজের পছন্দের তরকারি। পরিচিত জলখাবারেই আসবে নতুন স্বাদ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।