রাহুল মোদী প্রসঙ্গে প্রশ্নে কী বললেন শ্রদ্ধা কপূর!
বলিউডে কান পাতলেই একটা নাম বারবার শোনা যাচ্ছে— শ্রদ্ধা কপূর এবং লেখক রাহুল মোদী। কখনও বিমানবন্দরে পাশাপাশি ধরা পড়েছেন, কখনও বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন একসঙ্গে, আবার কখনও অম্বানী পরিবারের বিয়ের অনুষ্ঠানে একই মঞ্চে নাচতেও দেখা গিয়েছে তাঁদের। এত কিছু চোখের সামনে ঘটলেও প্রেম নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরই নীরব থেকেছেন শ্রদ্ধা। তবে নতুন বছরের শুরুতেই বিয়ে নিয়ে একটি প্রশ্নের উত্তরে খানিক ইঙ্গিত দিয়ে দিলেন অভিনেত্রী।
শক্তি কপূরের কন্যা শ্রদ্ধা কপূরের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই। কেরিয়ারে একের পর এক সফল ছবি, তার সঙ্গে নিজের গয়নার ব্র্যান্ড— সব মিলিয়ে ব্যস্ত জীবন তাঁর। তবে সম্পর্কের ক্ষেত্রে শ্রদ্ধার পথ খুব মসৃণ ছিল না। একসময় আদিত্য রয় কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। পরে পরিচালক ফারহান আখতারের সঙ্গে নাম জড়ায় তাঁর। শোনা যায়, সেই সম্পর্ক নিয়ে পরিবারে আপত্তি ছিল, বিশেষ করে ফারহানের বৈবাহিক অবস্থার কারণে। শেষ পর্যন্ত সেই সম্পর্কেও ইতি টানেন শ্রদ্ধা।
এর পরেই রাহুল মোদীর সঙ্গে নাম জড়াতে শুরু করে অভিনেত্রীর। যদিও এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তিনি। প্রেম, ভবিষ্যৎ— সব প্রশ্নেই কৌশলী নীরবতা বজায় রেখেছেন। ফলে বিয়ের গুঞ্জন উঠলেও তা ছিল নিছকই জল্পনা।
তবে সম্প্রতি একটি লাইভ সেশনে অনুরাগীদের সঙ্গে কথা বলার সময় পরিস্থিতি একটু বদলায়। এক ভক্ত সরাসরি প্রশ্ন করেন— তিনি কি আদৌ বিয়ে করবেন? এই প্রশ্ন শুনে অপ্রস্তুত না হয়ে বরং হাসিমুখেই উত্তর দেন শ্রদ্ধা। বলেন, “হ্যাঁ, আমি বিয়ে করব। নিশ্চয়ই করব।” এই এক লাইনের উত্তরই নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
তবে এখানেই থেমে গিয়েছেন অভিনেত্রী। কাকে বিয়ে করবেন, কবে করবেন— সে বিষয়ে কোনও নাম, সময় বা পরিকল্পনার কথা বলেননি তিনি। ফলে রাহুল মোদীর সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে কি না, তা এখনও নিশ্চিত নয়। কোনও আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি তাঁদের তরফে।
তবু বলিউডের অন্দরমহলের ধারণা, সম্পর্ক যে বেশ গভীর, তা তাঁদের একসঙ্গে সময় কাটানোই বলে দিচ্ছে। শ্রদ্ধা যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব সংযত থাকতে পছন্দ করেন। অতীত অভিজ্ঞতা থেকেই হয়তো তিনি এই বিষয়ে ধীরে, ভেবেচিন্তে এগোতে চাইছেন।
নতুন বছর শুরু হয়েছে মাত্র। শ্রদ্ধার সেই হাসিমাখা “হ্যাঁ” ভবিষ্যতের কোন পথে ইঙ্গিত দিচ্ছে, তা সময়ই বলবে। আপাতত অনুরাগীরা অপেক্ষায়— কবে শক্তি-কন্যা নিজেই সুখবর শোনাবেন।