রূপে-গুণে নজর কেড়েই ব্রহ্মাণ্ডসুন্দরীর মঞ্চে!
মাত্র ১৯ বছর বয়সেই একের পর এক সাফল্যে নজর কেড়েছেন কেরলের তরুণী কাজ়িয়া লিজ় মেয়ো। সৌন্দর্য প্রতিযোগিতা, মডেলিং, আইন নিয়ে পড়াশোনা, নাচ-গান থেকে অভিনয়— নানা ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। এ বার জাতীয় স্তরের প্রতিযোগিতায় ৫২ জন প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে জিতে নিয়েছেন ব্রহ্মাণ্ডসুন্দরী-ভারতের খেতাব। ফলে নভেম্বরে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে চলা ৭৫তম ব্রহ্মাণ্ডসুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন কাজ়িয়া।
কেরলে জন্ম হলেও কাজ়িয়ার শৈশবের বড় অংশ কেটেছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে। সেখানেই তাঁর স্কুলশিক্ষা। পরে ভারতে ফিরে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। বর্তমানে পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের জগতেও নিজের জায়গা তৈরি করছেন এই তরুণী।
তবে সৌন্দর্যের মঞ্চে কাজ়িয়ার পথচলা নতুন নয়। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০২৪ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর ২০২৫ সালেও আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জেতেন। চলতি বছর তিনি ব্রহ্মাণ্ডসুন্দরী-কেরলের মুকুটও জিতে নেন। এত কম বয়সে এই সাফল্য তাঁকে আলাদা করে আলোচনায় নিয়ে আসে।
কাজ়িয়ার প্রতিভার পরিধি শুধু র্যাম্প বা পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ ১২ বছর ধ্রুপদী নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। গান করেন, পাশাপাশি বেহালা ও ড্রাম বাজানোর প্রশিক্ষণও রয়েছে। অভিনয় এবং কথা বলার ক্ষেত্রেও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন কাজ়িয়া।
সিনেমার সঙ্গেও তাঁর পরিচয় হয়েছে বেশ আগে। মালয়ালম ছবি ‘শাইলক’-এ একটি সাংবাদিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। যদিও পরে অভিনয়ের বদলে মডেলিং এবং সৌন্দর্য প্রতিযোগিতার দিকেই বেশি মন দেন।
জয়পুরে অনুষ্ঠিত সাম্প্রতিক প্রতিযোগিতায় তাঁর মাথায় ব্রহ্মাণ্ডসুন্দরী-ভারতের মুকুট তুলে দেন গত বছরের বিজয়ী মনিকা বিশ্বকর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, উর্বশী রৌতেলা ও সেলিনা জেটলির মতো পরিচিত তারকারাও।
কাজ়িয়ার এই জয় আরও একটি কারণে বিশেষ। প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কেরলের কোনও প্রতিযোগী ব্রহ্মাণ্ডসুন্দরীর আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন। এখন নজর নভেম্বরে— বিশ্বমঞ্চে ভারতের হয়ে কাজ়িয়া লিজ় মেয়ো কতটা সফলভাবে নিজেকে তুলে ধরতে পারেন, সেটাই দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।