কেন লোকচক্ষুর আড়ালে বলিউড অভিনেতা অলোক নাথ?
এক সময় হিন্দি সিনেমা ও টেলিভিশনের পর্দায় ‘আদর্শ বাবা’ বা পরিবারের শান্ত-ভদ্র অভিভাবকের চরিত্রে অভিনয় করে দর্শকের অগাধ ভালোবাসা পেয়েছিলেন অলোক নাথ। দীর্ঘ চার দশকেরও বেশি কেরিয়ারে শত শত সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করে তিনি বলিউডের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। কিন্তু পর্দার সেই পরিচিত ইমেজই এক সময় ভেঙে যায় একাধিক যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর। তারপর থেকেই কার্যত জনসমক্ষে দেখা যায় না এই বর্ষীয়ান অভিনেতাকে।
২০১৮ সালে ভারতে ‘মিটু’ আন্দোলনের সময় অলোক নাথের বিরুদ্ধে একাধিক মহিলা—যাঁদের মধ্যে অভিনেত্রী, লেখক এবং বিনোদন জগতের কর্মীরাও ছিলেন—যৌন হেনস্থার অভিযোগ আনেন। অভিযোগগুলির পর তাঁর কেরিয়ার কার্যত থমকে যায়। ২০১৯ সালের পর থেকে তাঁকে আর বলিউড বা টেলিভিশনের পর্দায় তেমন দেখা যায়নি।
সম্প্রতি অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা রাজেশ পুরী জানিয়েছেন, অভিযোগগুলির পর অলোক নাথ নিজেকে প্রায় সম্পূর্ণভাবে সমাজ থেকে গুটিয়ে নিয়েছেন। তাঁর কথায়, অভিনেতা এখন খুব কমই বাড়ির বাইরে বের হন। বহুবার বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। তবে ফোনে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
রাজেশের দাবি, এই ঘটনার পর অলোকের জীবনযাত্রায়ও বড় পরিবর্তন এসেছে। তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন এবং অনেক বেশি নির্জন জীবন বেছে নিয়েছেন। রাজেশের ভাষায়, “ও নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। এখন খুব শান্তভাবে থাকে। আমরা একই আধ্যাত্মিক গুরুর শিষ্য হলেও অলোক খুব একটা বাইরে বেরোয় না, এমনকি গুরুর সৎসঙ্গেও খুব কম যায়।”
যদিও অলোক নাথের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে বিতর্ক আজও পুরোপুরি থামেনি, তিনি নিজেও প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি। অভিযোগের পর থেকেই তিনি কার্যত আলোচনার কেন্দ্র থেকে সরে গিয়েছেন। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
১৯৫৬ সালের ১০ জুলাই বিহারের খাগাড়িয়ায় জন্ম অলোক নাথের। শৈশব ও পড়াশোনা মূলত দিল্লিতে। মডার্ন স্কুলে পড়ার পর হিন্দু কলেজে ভর্তি হন। কলেজ জীবন থেকেই থিয়েটারের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন।
অভিনয় জীবনে তিনি ৫০০-রও বেশি সিনেমা এবং প্রায় ৭০টি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে দায়িত্বশীল, নীতিবান ও পরিবারের অভিভাবকের চরিত্রে দেখা গিয়েছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এক সময় বলিউড ও দর্শক মহলে বড় ধাক্কা তৈরি করেছিল।
বর্তমানে অলোক নাথ সম্পূর্ণ ব্যক্তিগত জীবনযাপন করছেন। অভিনয় থেকে দূরে, জনসমাগম এড়িয়ে এবং সীমিত পরিসরেই সময় কাটাচ্ছেন তিনি। এক সময়ের ব্যস্ত অভিনেতার এই নিভৃত জীবন তাই এখনও কৌতূহলের বিষয় হয়ে রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?