অরিজিতের ‘প্লেব্যাক’ থেকে সরে আসার সিদ্ধান্তে খোলামেলা শ্রেয়া ঘোষাল!
গত ২৪ ঘণ্টায় সঙ্গীতপ্রেমীদের মনটা একটু ভারী। অরিজিৎ সিংহ জানিয়ে দিয়েছেন, বড়পর্দার জন্য ‘প্লেব্যাক’ গান গাওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাঁর কণ্ঠে প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা কিংবা নিঃশ্বাসের মতো নরম আবেগ বার বার জীবন্ত হয়ে উঠেছে, তাঁর এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই প্রশ্ন, বিস্ময় আর মনখারাপ— সবই একসঙ্গে। এই আবহেই অরিজিতের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী, শ্রেয়া ঘোষাল।
শ্রেয়া ও অরিজিৎ— দু’জনেই ভারতীয় সঙ্গীতজগতের সবচেয়ে নির্ভরযোগ্য নাম। যুগলবন্দিতে বহু হিট গান উপহার দিয়েছেন তাঁরা। তাই অরিজিতের এই সিদ্ধান্ত শ্রেয়ার কাছেও যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। গায়কের পাশে দাঁড়িয়ে শ্রেয়া লিখেছেন, “এটা কোনও অধ্যায়ের শেষ নয়, বরং একেবারে নতুন শুরু। আমি সত্যিই মুখিয়ে আছি, অরিজিতকে এক নতুন রূপে দেখার জন্য। এই মাপের একজন শিল্পীকে কখনওই কোনও গণ্ডিতে বাঁধা উচিত নয়। প্রিয় অরিজিৎ, এটাই তোমার আরও গর্জে ওঠার সময়।”
শ্রেয়ার এই বক্তব্যে স্পষ্ট— তিনি একে বিদায় হিসেবে দেখছেন না, বরং শিল্পীর আত্মঅন্বেষণের স্বাভাবিক ধাপ হিসেবেই গ্রহণ করছেন। তাঁর কথায়, সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে এক জায়গায় থেমে যাওয়াই সবচেয়ে বড় বিপদ। আর অরিজিতের মতো শিল্পীর কাছে নিজেকে নতুন করে আবিষ্কার করার তাগিদটাই স্বাভাবিক।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? নিজেই সে কথা জানিয়েছেন অরিজিৎ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, বহু দিন ধরেই তাঁর মনে হচ্ছিল এই পরিবর্তন দরকার। সহজ ভাষায় বললে, তাঁর নাকি খুব তাড়াতাড়ি একঘেয়েমি এসে যায়। সেই কারণেই লাইভ শো-তে গানগুলির অ্যারেঞ্জমেন্ট বদলে বদলে গাইতেন। কিন্তু সেই চেষ্টাতেও ক্লান্তি কাটেনি। তাই এ বার তিনি সম্পূর্ণ নতুন ধরনের সঙ্গীতের খোঁজে বেরোতে চান।
এই সিদ্ধান্ত কি চূড়ান্ত? নাকি ভবিষ্যতে বদলাতে পারে? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে শ্রেয়ার কথায় একটাই বার্তা স্পষ্ট— অরিজিতের পথচলা এখানেই থেমে যাচ্ছে না। হয়তো শুধু দিক বদলাচ্ছে। আর সেই নতুন যাত্রায়, গানের আকাশে আরও এক বার ভিন্ন রঙ ছড়িয়ে দেবেন এই শিল্পী— এমনটাই আশা অনুরাগীদের।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা