‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি!!
সন্দীপ রেড্ডী বাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ ঘোষণার পর থেকেই চর্চার কেন্দ্রে। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই যেমন শুরু হয়েছে ছবির ভাবনা ও ভিজ্যুয়াল নিয়ে বিতর্ক, তেমনই এবার আলোচনায় এসেছে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্ক।
পোস্টারে দেখা গিয়েছে— অনাবৃত শরীর, লুঙ্গি, চোখে কালো চশমা, এক হাতে মদের বোতল আর ঠোঁটে সিগারেট। পাশে ধূসর শাড়ি পরা নায়িকা। অনেকেই এই দৃশ্যে ‘অ্যানিম্যাল’-এর ছায়া খুঁজে পেয়েছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন নারীর উপস্থাপনা নিয়েও। তবে বিতর্কের মাঝেই উঠে এসেছে আরও এক চমকপ্রদ তথ্য— ‘স্পিরিট’ ছবিতে প্রভাস নাকি পেয়েছেন রেকর্ড পারিশ্রমিক।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রভাসের পারিশ্রমিক ১৬০ কোটি টাকা। সাধারণত তিনি ১৫০ কোটি টাকা নেন। অর্থাৎ ‘স্পিরিট’-এর জন্য আরও ১০ কোটি বেশি পেয়েছেন দক্ষিণী তারকা। বলিউড-দক্ষিণ মিলিয়ে তিনিই এখন দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
কিন্তু এখানেই শুরু হচ্ছে তুলনা। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি ডিমরী। শোনা যাচ্ছে, তাঁর পারিশ্রমিক প্রায় ৬ কোটি টাকা। প্রভাসের ১৬০ কোটির পাশে এই অঙ্ক যে কতটা ছোট, তা বোঝাতে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, এই চরিত্রের জন্য প্রথমে নাকি দীপিকা পাড়ুকোনের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু কাজের সময়সীমা নিয়ে মতবিরোধ তৈরি হয়। দীপিকা নাকি ৮ ঘণ্টা কাজের শর্ত রাখেন, যা মানতে রাজি হননি পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গা। এরপর দু’পক্ষের মধ্যে দূরত্ব বাড়ে এবং শেষ পর্যন্ত দীপিকা নিজেই ছবিটি থেকে সরে দাঁড়ান। সেই জায়গায় সুযোগ পান তৃপ্তি ডিমরী।
তৃপ্তি ছাড়াও ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণী ও কীর্তি সুরেশ। সদ্য মা হওয়া কিয়ারাকে ‘স্পিরিট’ এবং ‘টক্সিক’— দু’টি ছবিতেই দেখা যাবে। সূত্রের খবর, এই ছবির জন্য কিয়ারা পেয়েছেন প্রায় ৩ কোটি টাকা। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা প্রবীণ অভিনেতা অনন্ত নাগ পেয়েছেন প্রায় ২ কোটি টাকা।
এই পারিশ্রমিকের তালিকা সামনে আসতেই আবার নতুন করে প্রশ্ন উঠেছে— একই ছবিতে কাজ করেও কেন এত বিশাল ব্যবধান? নায়কের ১৬০ কোটি বনাম নায়িকাদের ৬, ৩ বা ৩ কোটি— এই ফারাক কি শুধুই বাজারমূল্যের হিসাব, নাকি এখনও ইন্ডাস্ট্রিতে লিঙ্গভিত্তিক বৈষম্যের ছায়া রয়ে গিয়েছে?
২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ‘স্পিরিট’-এর। মুক্তির আগে থেকেই ছবি ঘিরে বিতর্ক, কৌতূহল আর প্রত্যাশা— তিনই একসঙ্গে বাড়ছে। এখন দেখার, বড়পর্দায় এই ‘স্পিরিট’ দর্শকদের কতটা মাতাতে পারে, আর প্রভাসের ১৬০ কোটির পারিশ্রমিক আদৌ কতটা ন্যায্য বলে প্রমাণিত হয়।
লড়াইয়ের মাঝেও হাসি— হাসপাতালে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, পাশে দাঁড়াতে ছুটে গেলেন দেব