সিনেমায় গান গাওয়া থেকে কি সত্যিই বিদায় নিচ্ছেন অরিজিৎ সিংহ?
হঠাৎই যেন আকাশ থেকে পড়া খবর। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে আচমকাই সিনেমায় গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন অরিজিৎ সিংহ। তাঁর একটিমাত্র পোস্টেই স্তব্ধ অনুরাগীরা। প্রশ্ন একটাই— সত্যিই কি প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানালেন সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠ?
মঙ্গলবার সন্ধ্যায় নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালবাসা আমাকে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গেই জানাচ্ছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করব না। এখানেই থামলাম।” শেষে যোগ করেন, “এই সফরটা সত্যিই খুব সুন্দর ছিল।”
এই কয়েকটি লাইনই যথেষ্ট ছিল অনুরাগীদের উদ্বিগ্ন করে তুলতে। কেউ বিশ্বাস করতে পারছেন না, কেউ আবার ভাবছেন— এটা কি সত্যিই অবসর, নাকি কোনও অন্য ইঙ্গিত?
যদিও অরিজিৎ নিজে স্পষ্ট করে কিছু জানাননি, ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, এটি হয়তো সম্পূর্ণ অবসর নয়। গলার বিশ্রাম বা সাময়িক বিরতির সিদ্ধান্তও হতে পারে। কারণ, খুব সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে তাঁর গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। পাশাপাশি হিন্দি ছবিতেও একের পর এক তাঁর গান মুক্তি পেয়েছে। ‘ধুরন্ধর’ ছবির ‘গেহরা হুয়া’ এখনও শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে। সামনে ‘ও রোমিয়ো’ ছবিতেও তাঁর গান শোনার কথা।
তাই এত সক্রিয় অবস্থায় হঠাৎ এমন ঘোষণা অনেককেই বিভ্রান্ত করেছে। তবে অরিজিৎ বরাবরই প্রচারের বাইরে থাকতে পছন্দ করেন। নিজের কাজের সিদ্ধান্তও নেন একান্ত ব্যক্তিগত জায়গা থেকে। সম্ভবত, এই সিদ্ধান্তের নেপথ্যেও রয়েছে তেমনই কোনও গভীর ভাবনা।
উল্লেখযোগ্য বিষয়, অরিজিৎ এখন আর শুধুই গায়ক নন। গান গাওয়ার পাশাপাশি তিনি পরিচালনার দিকেও মন দিয়েছেন। ইতিমধ্যেই দু’টি ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর প্রথম বাংলা ছবি ‘সা’ এখনও মুক্তির অপেক্ষায়। সেই ছবির কাজ শেষ করেই তিনি হিন্দিতে পরিচালনা করছেন ‘ভয়’ নামের আরও একটি ছবি। নিয়ম করে শুটিং করছেন, নতুন এক পরিচয়ে নিজেকে তৈরি করছেন।
অনুরাগীদের একাংশ তাই মনে করছেন, প্লেব্যাক থেকে সরে এসে হয়তো অরিজিৎ এবার নিজের সৃজনশীল দিকটিকে অন্যভাবে মেলে ধরতে চান। গান হয়তো থামছে না, বদলাচ্ছে শুধু তার পথ।
তবে যত জল্পনাই চলুক, সত্যিটা একটাই— অরিজিৎ সিংহ মানেই আবেগ, মানেই প্রজন্মের কণ্ঠ। তিনি প্লেব্যাক গাইুন বা না গাইুন, তাঁর গান শ্রোতাদের হৃদয়ে থেকে যাবে। আর সেই কারণেই এই ঘোষণা এতটা নাড়া দিয়েছে সকলকে। এখন শুধু সময়ই বলবে, এই ‘থামা’ আসলে শেষ, না কি নতুন কোনও শুরুর প্রথম বাক্য।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা