বৈভব সূর্যবংশীদের ভবিষ্যৎ গড়বেন কারা?
ভারতের জুনিয়র ক্রিকেট দলের নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। পাঁচটি পদের জন্য প্রাথমিক ভাবে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় দলের হয়ে খেলা একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি। এই নির্বাচকদের হাত ধরেই ভবিষ্যতের বৈভব সূর্যবংশীদের প্রতিভা খুঁজে বের করার দায়িত্ব থাকবে।
তালিকায় রমেশ পাওয়ার, প্রবীণ কুমার
মঙ্গলবার ১৫ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ‘স্পোর্টস্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন ক্রিকেটার অশোক মলহোত্রের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি তাঁদের সাক্ষাৎকার নেবে। সেখান থেকেই পাঁচ জনকে নির্বাচক হিসেবে বেছে নেওয়া হবে।
প্রার্থীদের তালিকায় উল্লেখযোগ্য নাম রমেশ পাওয়ার এবং প্রবীণ কুমার। পাওয়ার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। পাশাপাশি, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন। অন্য দিকে, প্রাক্তন পেসার প্রবীণ কুমার ক্রিকেটজীবন শেষ করার পরে পুলিশে যোগ দিয়েছিলেন। এ বার জুনিয়র দলের নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন তিনিও।
এ ছাড়াও তালিকায় রয়েছেন সুদীপ ত্যাগী এবং দেবেন্দ বুন্দেলার মতো প্রাক্তন ক্রিকেটার। বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে সৌরাশিস লাহিড়ির দিকে। বাংলার হয়ে খেলা এই প্রাক্তন ক্রিকেটার বয়সভিত্তিক ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতাও অর্জন করেছেন।
জুনিয়র ক্রিকেটে বড় দায়িত্ব
২০২৬ সালের ২৪ অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে পাঁচ জন নির্বাচক নিয়োগের কথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের কাজ শুধু জুনিয়র দলের জন্য ক্রিকেটার বেছে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাঁদের পারফরম্যান্সের উপর নজর রাখাও হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর মতো তরুণ প্রতিভাদের উঠে আসার ক্ষেত্রে বয়সভিত্তিক ক্রিকেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন নির্বাচকদের সিদ্ধান্ত ভবিষ্যতের দল গঠনে প্রভাব ফেলতে পারে। তবে পাঁচ জনের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই জানা যাবে, কারা এই দায়িত্ব সামলানোর সুযোগ পাচ্ছেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।