সময় এলেই সেরাটা দেবে বৈভব!
আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। ফলে তৃতীয় ম্যাচে তরুণ ব্যাটারকে সুযোগ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। তবে ছেলে খেলছেন না বলে একটুও হতাশ নন বৈভবের বাবা। তাঁর বিশ্বাস, সুযোগ পেলেই নিজের সেরাটা উজাড় করে দেবে ছেলে।
‘ইন্ডিয়া টুডে’-কে বৈভবের বাবা বলেছেন, তাঁর ছেলে জাতীয় দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে কখন সুযোগ আসবে, সেই সিদ্ধান্ত দলের। তাঁর কথায়, ‘‘আমার ছেলে পুরো তৈরি। যখনই খেলাবে, ও নিজের সেরাটা দেবে। দেশকে জেতাবে। ও সময়ের অপেক্ষা করছে।’’
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এবং আইপিএলে নজর কাড়ার পর ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বৈভব। অভিষেকের পর যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন, সেখানেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সর্বোচ্চ রান করে সিরিজ়ের সেরার পুরস্কারও পেয়েছেন তরুণ ওপেনার।
তবু ভারতীয় দলে এখনও নিয়মিত জায়গা হয়নি তাঁর। এর অন্যতম কারণ সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ের জায়গার জন্য বৈভবেরও লড়াই রয়েছে। অভিজ্ঞ সঞ্জু ইতিমধ্যেই ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন এবং চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। ফলে তাঁকে নিয়মিত সুযোগ দেওয়ার যুক্তি রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।
বৈভবকে নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর বয়স এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা—দুই দিকই মাথায় রেখে ধীরে ধীরে এগোনোর পথেই হাঁটা হচ্ছে। যদিও ইতিমধ্যেই অনেকে তাঁকে ভারতের এক দিনের দলেও সুযোগ দেওয়ার দাবি তুলেছেন।
তবে বৈভবের পরিবারের অবস্থান স্পষ্ট—সুযোগ কখন আসবে, তা নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। জাতীয় দলে জায়গা পাকা করতে হলে অপেক্ষা করতে হবে, আর সেই অপেক্ষার মধ্যে নিজের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। সুযোগ এলে সেটাকেই কাজে লাগানোই এখন তরুণ ক্রিকেটারের মূল লক্ষ্য।
বৈভবের বাবার কথাতেও সেই আত্মবিশ্বাসই ধরা পড়েছে। তাঁর বিশ্বাস, ছেলের হাতে যতটুকু সুযোগ আসবে, সেটুকুতেই নিজের দক্ষতার প্রমাণ দেবে বৈভব।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।