রঞ্জি ট্রফিতে দিল্লিকে হারানোর হাতছানি বাংলার! ৮৮ রানে এগিয়ে!
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই সরাসরি জয়ের সুযোগ তৈরি করেছে বাংলা। দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় ব্যবধানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও প্রতিপক্ষকে চাপে রেখেছেন মহম্মদ শামিরা। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে দিল্লির রান ৩ উইকেটে ১০১। বাংলার প্রথম ইনিংসের তুলনায় এখনও ৮৮ রানে পিছিয়ে রয়েছে আয়ুষ বাদোনির দল। বুধবার ম্যাচের শেষ দিনে বাকি সাত উইকেট তুলে নিতে পারলেই জয় নিশ্চিত করতে পারে লক্ষ্মীরতন শুক্লর দল।
ঘরামি-পোড়েলের ব্যাটে বড় রান বাংলার
দিল্লির প্রথম ইনিংসে করা ২৪০ রানের জবাবে বাংলা তোলে ৪২৯ রান। তৃতীয় দিন সকালে দলের ইনিংসকে বড় জায়গায় পৌঁছে দেন আগের দিন থেকে অপরাজিত থাকা সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল।
ঘরামি করেন ১৩৩ রান। অন্য দিকে, মাত্র এক রানের জন্য দেড়শো করতে পারেননি অভিষেক। তাঁর ইনিংস থামে ১৪৯ রানে। দু’জনের ব্যাটে ভর করেই দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লিড পায় বাংলা। পরে সুমন্ত গুপ্তের ৫০ রান দলের স্কোর আরও বাড়ায়।
দিল্লির হয়ে বল হাতে সফল আয়ুষ বাদোনি। ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। তবে বাংলার বড় রান আটকানোর জন্য সেই পারফরম্যান্স যথেষ্ট হয়নি।
দ্বিতীয় ইনিংসে চাপে দিল্লি
১৮৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দিল্লি। কিন্তু শুরু থেকেই রান পেতে সমস্যায় পড়েন ব্যাটারেরা। স্বার্থক রঞ্জন তিন রান করে আউট হন। সনৎ সাঙ্গওয়ান করেন ২৫। তিন নম্বরে নামা যশ ঢুল আকাশদীপের বলে চোট পেয়ে মাঠ ছাড়েন। চার নম্বরে নেমে আয়ুষ দোসেজাও বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ১৯।
৫৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। সেখান থেকে ইনিংস সামলানোর চেষ্টা করছেন অধিনায়ক আয়ুষ বাদোনি ও অনুজ রাওয়াত। দিনের শেষে বাদোনি ২৪ এবং রাওয়াত ২৫ রানে অপরাজিত রয়েছেন।
শামি-আকাশদীপদের হাতেই বাংলার ভাগ্য
দিল্লির দ্বিতীয় ইনিংসে আকাশদীপ, মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামাণিক একটি করে উইকেট পেয়েছেন। মহম্মদ শামি ও আমির গনি ভাল বল করলেও এখনও উইকেট পাননি।
বুধবার ম্যাচের শেষ দিনে বাংলার লক্ষ্য দ্রুত দিল্লির বাকি সাত উইকেট তুলে নেওয়া। চা বিরতির আগেই দ্বিতীয় ইনিংসে দিল্লিকে অলআউট করতে পারলে সরাসরি জয়ের পাশাপাশি পুরো পয়েন্ট পাওয়ার সুযোগ থাকবে বাংলার সামনে। ৮৮ রানের মধ্যে সব উইকেট তুলে নিতে পারলে বোনাস পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে দিল্লির শেষ দিকের ব্যাটারেরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তার উপরেও নির্ভর করবে ম্যাচের ফল। প্রথম ইনিংসে ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্সের পর এ বার বাংলার বোলারদের দিকেই তাকিয়ে সমর্থকেরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।