সচিনের রেকর্ড ভাঙার পথে ১৫ বছরের বৈভব!
ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাসের অপেক্ষা। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলের দরজায় পৌঁছে গিয়েছে বিহারের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই ভারতের সিনিয়র দলের জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁকে। আর মাঠে নামলেই ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে ভারত ‘এ’ দল— দ্রুত উঠে এসেছেন বৈভব। এ বার তাঁর সামনে আরও বড় মঞ্চ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে খবর। শুক্রবার এবং রবিবার দু’টি ম্যাচ খেলার কথা ভারত ও আয়ারল্যান্ডের।
এই সিরিজ় ঘিরে এক সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বেলফাস্টে অশান্তির খবরের কারণে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে আয়ারল্যান্ড প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর সিরিজ় আয়োজনের সবুজ সঙ্কেত দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেটার, আধিকারিক এবং দর্শকদের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার। পুলিশের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় হওয়ার কথা।
এই সুযোগেই বৈভবের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় দলের জার্সিতে মাঠে নামলে তিনি হয়ে যাবেন ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। এত দিন এই রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দখলে।
বৈভবের উত্থান অবশ্য হঠাৎ নয়। গত আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন তিনি। প্রতিযোগিতায় সর্বাধিক রান করে জিতেছিলেন কমলা টুপি। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা দেখে অনেক প্রাক্তন ক্রিকেটারই তাঁকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দলে রাখা হয়েছে তাঁকে। এশিয়ান গেমসের দলেও জায়গা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে সুযোগ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর ক্ষমতা যাচাই করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলের কাছাকাছি পৌঁছে যাওয়া বৈভব এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় আলোচনার বিষয়। তবে রেকর্ডের চেয়েও বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন পরিবেশে নিজেকে প্রমাণ করা। শুক্রবার সেই পরীক্ষার প্রথম ধাপ শুরু হতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?