শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তি প্রকল্পের সূচনা আজ

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ! ভারতের প্রাক্তন শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।…

July 6, 2026
1 min read

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ!

ভারতের প্রাক্তন শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা।

প্রতি বছরই বিজেপি দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করে। তবে এ বছর আয়োজনের গুরুত্ব অনেক বেশি। কারণ, এটি তাঁর ১২৫তম জন্মবার্ষিকী। পাশাপাশি, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথমবার এই উদ্‌যাপনকে ঘিরে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য বিজেপির মতে, শ্যামাপ্রসাদের ভাবনা ও অবদানকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। তাঁর প্রথম গন্তব্য হবে নিউ টাউনের ইকো পার্ক। বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ সেখানে ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা করবেন তিনি।

এর পর শাহ দক্ষিণ কলকাতার ভবানীপুরে ৭৭, আশুতোষ মুখার্জি রোডে অবস্থিত শ্যামাপ্রসাদের আদিনিবাসে যাবেন। বিকেল ৫টা নাগাদ সেখানে পৌঁছে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখান থেকে তিনি যাবেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। বিকেল ৫টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।

বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান যথাযথ গুরুত্ব পায়নি। সরকার পরিবর্তনের পর তাঁর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা নতুন করে মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তৃতায় শ্যামাপ্রসাদের অবদানের কথা উল্লেখ করেছিলেন।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে থাকার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নতুন প্রজন্মের সামনে সেই ইতিহাস তুলে ধরা প্রয়োজন।

এই প্রেক্ষাপটে অমিত শাহের কলকাতা সফরকে রাজনৈতিক ও ঐতিহাসিক— দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে তাঁর আদর্শে পরিচালিত সরকারের উপস্থিতিতে ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তাঁর কথায়, এই সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং শ্যামাপ্রসাদের উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *