বন্ধ চার বিমানবন্দর, জারি সতর্কতা
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে যুদ্ধক্ষেত্রের উত্তাপ ছড়াল প্রতিবেশী পোল্যান্ডেও। বুধবার সকালে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে একাধিক রুশ ড্রোন। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় আনা হয়। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী ওয়ারশ-সহ চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর।
পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে আক্রমণের সময় যে ড্রোনগুলি দেশের আকাশসীমায় ঢুকে পড়েছিল, সেগুলি চিহ্নিত করার কাজ চলছে। অপারেশনাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আকাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বায়ুসেনার বিমান প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’’ তবে কতগুলি ড্রোন ঢুকেছিল বা সেগুলি কোন ধরণের, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে বুধবার হঠাৎই বন্ধ করে দেওয়া হয় রাজধানী ওয়ারশতে অবস্থিত চোপিন বিমানবন্দর। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রেজেসো-জাসিওনকা বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইউক্রেনে যাত্রী পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বিমানবন্দর।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চারটি বিমানবন্দর বন্ধ থাকায় সাময়িকভাবে আন্তর্জাতিক যাতায়াত ব্যাহত হচ্ছে। তবে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পোল্যান্ড ন্যাটো-র (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) সদস্য দেশ। ফলে রুশ ড্রোন প্রবেশের ঘটনায় আন্তর্জাতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি এই খবর শুনে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, দেশের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি ইতিমধ্যেই ন্যাটোকে জানানো হয়েছে। পাশাপাশি, পোল্যান্ড কী কী পদক্ষেপ নিয়েছে, তারও বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পোল্যান্ড সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি রেখেছে। দেশটি ইউক্রেনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে মানবিক ও সামরিক সাহায্য দিয়ে আসছে। এই অবস্থায় রুশ ড্রোন পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।
যদিও সেনাবাহিনী আশ্বস্ত করেছে, দেশের নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশসীমায় কোনও অনুপ্রবেশ যাতে আর না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে। এখন নজর আন্তর্জাতিক মঞ্চে—নেটো-র প্রতিক্রিয়া এবং রাশিয়ার পরবর্তী পদক্ষেপেই নির্ভর করছে পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ