ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রণবীর সিংহের বিরুদ্ধে!
অভিনয়ের জন্য যিনি বরাবরই প্রশংসিত, সেই রণবীর সিংহ এ বার পড়লেন বিতর্কের কেন্দ্রে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় অভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগের সূত্রপাত কয়েক মাস আগে গোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে। মঞ্চে উঠে ঋষভ শেট্টীর প্রশংসিত ছবি ‘কান্তারা’ নিয়ে কথা বলতে গিয়ে রণবীর ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের অভিনয় করে দেখান। সেখানেই তিনি কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলে গভীরভাবে পূজিত চৌভুন্ডি দৈব সংস্কৃতির সঙ্গে যুক্ত দেবী চামুণ্ডাদেবীর ভঙ্গিতে অভিনয় করেন। অভিযোগ, সেই সময় রণবীর দেবী চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেছিলেন। এই মন্তব্য এবং অভিনয়ই পরে বিতর্কের আগুনে ঘি ঢালে।
বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, রণবীরের মন্তব্য ও আচরণ হিন্দু ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে এবং কর্নাটকের একটি সংবেদনশীল ও পবিত্র লোকসংস্কৃতিকে অপমান করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় এই মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই প্রসঙ্গে এর আগেই মুখ খুলেছিলেন ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনুষ্ঠানের সময় দর্শকাসন থেকেই বারবার রণবীরকে ওই দেবীর নকল করতে বারণ করেছিলেন। কিন্তু রণবীর সেই অনুরোধ শোনেননি। ঋষভের কথায়, “আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। এটা শুধু অভিনয় নয়, আমাদের কাছে এই দৈব সংস্কৃতি অত্যন্ত পবিত্র। এই দেবদেবী আমাদের জীবন ও বিশ্বাসের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে।”
ঘটনার পর সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন রণবীর। চাপ বাড়তেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে সেই ক্ষমা বিতর্ক থামাতে পারেনি। শেষ পর্যন্ত তা আইনি পথে গড়াল।
এফআইআর দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রণবীর সিংহ। তবে তাঁর এক মুহূর্তের মঞ্চ-অভিনয় যে এত বড় বিতর্ক ও আইনি জটিলতার জন্ম দেবে, তা হয়তো অভিনেতা নিজেও কল্পনা করেননি।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা