‘বড্ড বেশি কথা বলছিস’! আলিয়া-ভিকির সামনে চিত্রগ্রাহকের উপর বিরক্ত রণবীর

আলিয়া-ভিকির সামনে চিত্রগ্রাহকের উপর বিরক্ত রণবীর! সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত ছবি ‘লভ অ্যান্ড ওয়র’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ছবির তিন মুখ্য চরিত্রের লুক প্রকাশ্যে আসার পর এ বার…

September 27, 2026
1 min read

আলিয়া-ভিকির সামনে চিত্রগ্রাহকের উপর বিরক্ত রণবীর!

সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত ছবি ‘লভ অ্যান্ড ওয়র’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ছবির তিন মুখ্য চরিত্রের লুক প্রকাশ্যে আসার পর এ বার একই ফ্রেমে দেখা গেল রণবীর কপূর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলকে। শনিবার রাতে মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে তাঁদের সঙ্গে ছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীও।

‘রামায়ণ’ ছবির একটি অনুষ্ঠানের পর রেস্তরাঁয় গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং ভিকি। বেরোনোর সময় ছবিশিকারিদের জন্য একসঙ্গে পোজ় দেন তাঁরা। সেই সময় বেশ কিছু ক্ষণ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন চার জন। কিন্তু ছবি তোলার পর্ব শেষ হওয়ার পরেই ঘটে যায় ছোট্ট একটি ঘটনা।

ভিডিয়োয় দেখা যায়, ভন্সালী এক সময় ফ্রেম থেকে সরে যাচ্ছেন। সম্ভবত রণবীর, আলিয়া ও ভিকিকে আলাদা করে ছবি তোলার সুযোগ করে দিতেই তিনি পিছিয়ে যান। কিন্তু রণবীর তাঁকে আবার ফিরে এসে ছবি তোলার অনুরোধ করেন। এর পর চার জন একসঙ্গে ছবি তোলেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেন।

ঠিক সেই সময় এক চিত্রগ্রাহক বার বার রণবীরকে ডাকতে থাকেন। আলিয়া এবং ভিকির সঙ্গে আরও এক বার পোজ় দেওয়ার অনুরোধও করা হয়। বার বার ডাকাডাকিতে খানিক বিরক্ত হয়ে পিছন ফিরে রণবীর বলেন, “বড্ড বেশি কথা বলছিস তুই!”

রণবীরের ওই মন্তব্যের ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে নেটাগরিকদের মধ্যে অবশ্য ভিন্ন মত দেখা যায়। কেউ অভিনেতার আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন, আবার কারও মতে, দীর্ঘ সময় ছবি তোলার পর বার বার ডাকায় তাঁর বিরক্ত হওয়া অস্বাভাবিক নয়।

রেস্তরাঁ থেকে বেরোনোর সময় অবশ্য রণবীরকে স্ত্রী আলিয়ার খেয়াল রাখতেই দেখা যায়। ভিড়ের মধ্যে তাঁকে আগলে গাড়িতে তুলে দেন অভিনেতা।

এ দিকে ‘লভ অ্যান্ড ওয়র’-এর গল্প নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু জানাননি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি যুদ্ধের পটভূমিতে তৈরি একটি পিরিয়ড রোম্যান্টিক ড্রামা। ছবিতে রণবীর এবং ভিকিকে ভারতীয় বায়ুসেনার দুই অফিসারের চরিত্রে দেখা যেতে পারে। তাঁদের জীবনের সঙ্গে আলিয়ার চরিত্রের সম্পর্ককে কেন্দ্র করেই গল্প এগোবে বলে জানা গিয়েছে।

সঞ্জয় লীলা ভন্সালী এবং ইলা বেদী দত্তের লেখা ছবিতে সুপ্রিয়া পাঠকও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ‘লভ অ্যান্ড ওয়র’ ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *