ভোটে ভরাডুবির পর মাঠে নামছেন অভিষেক, শনিবার থেকেই শুরু ‘আক্রান্ত’ কর্মীদের পাশে থাকার কর্মসূচি

ভোটে ভরাডুবির পর মাঠে নামছেন অভিষেক! বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর দীর্ঘ দিন কার্যত জনসমক্ষে খুব একটা দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে। দলের অন্দরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখনই…

May 29, 2026
1 min read

ভোটে ভরাডুবির পর মাঠে নামছেন অভিষেক!

বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর দীর্ঘ দিন কার্যত জনসমক্ষে খুব একটা দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে। দলের অন্দরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখনই ফের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার থেকেই তিনি নামছেন মাঠে। প্রথম দিনেই যাবেন সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা এলাকায়, সেখানে ভোট-পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ বলে দাবি করা দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, সোনারপুর দক্ষিণে সঞ্জু কর্মকার এবং বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়কের বাড়িতে যাবেন অভিষেক। ভোটের ফল প্রকাশের পর এটাই তাঁর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের ভিতরে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে এসেছে। বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠলেও, সেই সময়ে অভিষেক কেন রাস্তায় নামছেন না— তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলেরই একাধিক নেতা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, সেই বেলেঘাটাকেই প্রথম কর্মসূচির তালিকায় রাখার মধ্যে আলাদা বার্তা রয়েছে।

ভোটের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়-র বাড়ির বৈঠকগুলিতে নিয়মিত দেখা গেলেও, জনসমক্ষে সক্রিয় ছিলেন না অভিষেক। যদিও সমাজমাধ্যমে তিনি সরব ছিলেন বিভিন্ন ইস্যুতে। নিট প্রশ্নফাঁস থেকে শুরু করে সিবিএসই পরীক্ষায় অনিয়ম— নানা বিষয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি।

এ দিকে দলের অন্দরে ‘বেসুরো’ কণ্ঠও বেড়েই চলেছে। অনেক নেতা সরাসরি অভিষেক এবং দলের নির্বাচনী কৌশল নির্ধারণকারী সংস্থা আই-প্যাককে দায়ী করেছেন ভরাডুবির জন্য। কাকলি ঘোষ দস্তিদার ও শান্তনু সেন-সহ একাধিক নেতা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অনেককেই এত দিন ‘অভিষেক-ঘনিষ্ঠ’ বলেই মনে করা হত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শনিবারের কর্মসূচি শুধুই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নয়, একই সঙ্গে দলের ভিতরে নিজের অবস্থানও আরও এক বার স্পষ্ট করার সুযোগ অভিষেকের সামনে। বিশেষ করে ফলতার উপনির্বাচনে তৃণমূলের চতুর্থ স্থানে নেমে যাওয়া এবং তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁর প্রতিটি পদক্ষেপ এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

উল্লেখযোগ্য বিষয়, নিরাপত্তা কমে যাওয়ার পর এই প্রথম কালীঘাটের বাইরে প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিতে চলেছেন অভিষেক। ফলে রাজনৈতিক মহলের নজর এখন তাঁর বক্তব্য, উপস্থিতি এবং আগামী কৌশলের উপরই।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *