ভেনেজ়ুয়েলার ভূমিকম্পে শোকের ছায়া ফুটবল দুনিয়ায়!!
ভেনেজ়ুয়েলার ভয়াবহ ভূমিকম্প শুধু শত শত মানুষের প্রাণই কেড়ে নেয়নি, শোকের ছায়া ফেলেছে ফুটবল দুনিয়াতেও। প্রাকৃতিক বিপর্যয়ে পরিবার হারিয়েছেন দুই পেশাদার ফুটবলার। ভেনেজ়ুয়েলার ডিফেন্ডার হেক্টর বেল্লো হারিয়েছেন তাঁর স্ত্রীকে, আর আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেজো একসঙ্গে হারিয়েছেন স্ত্রী ও দুই সন্তানকে।
গত বুধবারের বিধ্বংসী ভূমিকম্পে ধসে পড়ে বেল্লোর বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তাঁর স্ত্রী আন্দ্রেয়া ও এক বছরের কন্যা আলানা। উদ্ধারকারীরা অলৌকিকভাবে আলানাকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করলেও আন্দ্রেয়াকে আর জীবিত পাওয়া যায়নি। মৃত্যুর মুহূর্তেও মেয়েকে বুক দিয়ে আগলে রেখেছিলেন তিনি।
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়লেও সমাজমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বেল্লো। তিনি লিখেছেন, আন্দ্রেয়া তাঁদের পরিবারের চিরকালের নায়িকা হয়ে থাকবেন। মেয়েকে বড় করে তুলতে গিয়ে তিনি মায়ের সাহস, ভালোবাসা ও আত্মত্যাগের গল্প শোনাবেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যতই কঠিন হোক পরিস্থিতি, মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
২৮ বছর বয়সি এই ফুটবলার আরও লেখেন, তাঁর হৃদয় ভেঙে গিয়েছে, কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে শক্ত থাকতে হবে। তাঁর বিশ্বাস, আন্দ্রেয়া স্বর্গ থেকে তাঁদের দেখছেন এবং সেই শক্তিই তাঁকে নতুন করে বাঁচার সাহস দেবে।
অন্যদিকে, আর্জেন্টিনার ৩৮ বছর বয়সি ডিফেন্ডার লুকাস ত্রেজোর ক্ষতি আরও ভয়াবহ। ভেনেজ়ুয়েলার ক্লাব ডেপোর্টিভো লা গুয়াইরার হয়ে খেলা এই ফুটবলারের স্ত্রী ইয়ানিনা মারানেলা এবং তাঁদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে এই মর্মান্তিক খবর নিশ্চিত করেছে।
ভূমিকম্পের সময় ত্রেজো দলের প্রস্তুতি শিবিরে কারাকাসে থাকায় প্রাণে বেঁচে যান। তবে যে বাড়িতে তাঁর পরিবার থাকত, সেটি সম্পূর্ণ ধসে যায়। প্রথমে পরিবারের সদস্যদের নিখোঁজ বলে জানানো হলেও পরে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হয়।
পরিবারের কোনও খোঁজ না পেয়ে প্রথমে সমাজমাধ্যমে অসহায় আবেদন জানিয়েছিলেন ত্রেজো। তিনি লিখেছিলেন, তাঁদের প্লায়া গ্রান্ডের বাড়ি ধসে পড়েছে, তবু তিনি বিশ্বাস করতে চাইছেন তাঁর স্ত্রী ও সন্তানরা বেঁচে আছেন। তাঁদের খুঁজে পেতে সকলের সাহায্যও চেয়েছিলেন। পরে সেই আশাই চিরতরে ভেঙে যায়।
এই ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের পাশাপাশি ফুটবল দুনিয়াও হারিয়েছে বহু প্রিয়জন। মাঠের লড়াইয়ের বাইরে ব্যক্তিগত জীবনের এই অপূরণীয় ক্ষতি দুই ফুটবলারের জীবনকে আমূল বদলে দিয়েছে। এখন তাঁদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই গভীর শোককে সঙ্গে নিয়েই নতুন করে জীবনের পথে এগিয়ে চলা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?