বিবাহিত জীবনের তিক্ত অধ্যায় নিয়ে খোলাখুলি শামি!
ভারতের তারকা পেসার মহম্মদ শামির জীবনের এক বড় অধ্যায় জুড়ে রয়েছে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিয়ের চার বছর পর থেকেই আলাদা থাকছেন শামি। এখনও চলছে বিবাহবিচ্ছেদের মামলা। জীবনের এই কঠিন পর্ব নিয়ে প্রথমবার স্পষ্ট মন্তব্য করলেন বাংলার এই তারকা বোলার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামির কাছে জানতে চাওয়া হয়, বিয়ে নিয়ে তাঁর কোনও আক্ষেপ আছে কি না। ব্যক্তিগত জীবনের প্রশ্নে কিছুটা বিরক্ত হলেও শান্ত গলায় শামি বলেন, “ওসব বাদ দিন। অতীত নিয়ে আমি কোনওদিন আফসোস করি না। যা হওয়ার হয়ে গিয়েছে। কাউকে দোষ দেওয়ার ইচ্ছে নেই, নিজেকেও নয়। আমি শুধু আমার খেলা নিয়ে থাকতে চাই, ক্রিকেটেই মন দিতে চাই। এই বিতর্কে ঢোকার কোনও আগ্রহ নেই।”
হাসিন জাহান শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন—বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক, মেয়ের প্রতি অবহেলা এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগের কথা জানিয়েছিলেন তিনি। এই সব অভিযোগে কেঁপে উঠেছিল ভারতীয় ক্রিকেট অঙ্গন। তবে শামি সবসময় ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে এড়িয়ে গিয়েছেন। এবারও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, অতীত নিয়ে না ভেবে এগিয়ে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
শুধু শামি নন, আরও বেশ কিছু ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগত জীবনে একই ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চহাল—অনেকের বিয়ের সম্পর্ক সুখের হয়নি। এ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে কিছুটা ক্ষোভ প্রকাশ করে শামি বলেন, “তদন্ত করা আপনার কাজ, কিন্তু কেন আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছেন? কেন মৃত্যুদণ্ড দিতে চাইছেন? অন্য দিকটাও দেখুন। আমি বারবার বলছি, এ সব বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। আমি শুধু ক্রিকেট নিয়েই থাকতে চাই।”
বর্তমানে শামি দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে খেলছেন। এর আগে ২ মে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে শেষ ম্যাচ খেলেছিলেন। দেশের জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চোট-আঘাতের কারণে মাঠের বাইরে সময় কাটালেও আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন তিনি।
বিতর্ক ও ব্যক্তিগত জীবনের তিক্ততা সত্ত্বেও শামি এবারও প্রমাণ করলেন, ক্রিকেটই তাঁর কাছে সবকিছুর ঊর্ধ্বে। অতীত ভুলে তিনি মন দিচ্ছেন শুধুমাত্র নিজের খেলার উন্নতিতে। ক্রিকেটপ্রেমীরা তাই আশা রাখছেন, দেশের অন্যতম সেরা পেসার আবারও আগের মতো আগুন ঝরানো বোলিংয়ে মাঠ মাতাবেন।