টেস্ট বিশ্বকাপের দৌড়ে এগোল শুভমনের দল!
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে শুধু সিরিজ়ে এগিয়েই যায়নি বাংলাদেশ, একই সঙ্গে ভারতের জন্যও খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। এই ফলের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উপরে উঠে এসেছে শুভমন গিলের ভারত।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ভারত ছিল ষষ্ঠ স্থানে। পাকিস্তান ছিল পাঁচ নম্বরে। কিন্তু বাংলাদেশের কাছে হেরে শান মাসুদের দল সরাসরি নেমে গিয়েছে সাত নম্বরে। আর সেই সুযোগে ভারত উঠে এসেছে পাঁচ নম্বরে। অন্য দিকে বাংলাদেশও লাভবান হয়েছে। নাজমুল হোসেন শান্তদের দল আট নম্বর থেকে উঠে এসেছে ছয়ে।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের দল আটটি টেস্ট খেলে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
ভারত এখন পাঁচ নম্বরে। ন’টি টেস্ট খেলে শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। ফলে দুই উপমহাদেশীয় দলের মধ্যেই এখন জমে উঠেছে লড়াই। অন্য দিকে, পাকিস্তানের হার শুধু তাদেরই ক্ষতি করেনি, ইংল্যান্ডকেও পিছিয়ে দিয়েছে। বেন স্টোকসদের দল এখন নেমে গিয়েছে আট নম্বরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ ড্র হলে দুই দল চার পয়েন্ট করে পায়। সেই পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হয় পয়েন্ট শতাংশ। তাই একটি ম্যাচের ফলও গোটা তালিকার সমীকরণ বদলে দিতে পারে।
বাংলাদেশের এই জয় শুধু ক্রিকেটীয় দিক থেকে নয়, মানসিক দিক থেকেও বড় বার্তা দিল। পাকিস্তানের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট জিতে আত্মবিশ্বাসী শান্তদের দল। আর সেই সঙ্গে ভারতের কাছেও এই ফল যথেষ্ট ইতিবাচক। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা