আগরকর সরতেই জাডেজার তিন শব্দের পোস্ট!
অজিত আগরকর আর ভারতীয় দলের প্রধান নির্বাচক থাকছেন না—বোর্ডের এই ঘোষণার পরেই সমাজমাধ্যমে সক্রিয় হলেন রবীন্দ্র জাডেজা। মাত্র তিন শব্দের একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের ধারণা, সরাসরি নাম না করেও আগরকরকে বার্তা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
জাডেজা খুব একটা সমাজমাধ্যমে সক্রিয় নন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রবিচন্দ্রন অশ্বিনের একটি পোস্টের জবাব দিয়েছিলেন তিনি। তার পর আবার বুধবার তাঁকে দেখা গেল সক্রিয় হতে। বিসিসিআই নতুন প্রধান নির্বাচক নিয়োগের জন্য আবেদন চাওয়ার পরেই সেই পোস্টে মন্তব্য করেন জাডেজা।
বোর্ডের পোস্টের জবাবে তিনি লেখেন, “আবেদনের প্রক্রিয়া কী?” বোর্ডের বিজ্ঞপ্তিতেই অবশ্য প্রধান নির্বাচক হওয়ার যোগ্যতা ও আবেদন সংক্রান্ত নিয়ম জানানো হয়েছে। তাই জাডেজার এই মন্তব্যকে নিছক প্রশ্ন হিসেবে দেখছেন না অনেকে। তাঁদের মতে, আগরকরের যোগ্যতা নিয়েই পরোক্ষে প্রশ্ন তুলেছেন তিনি।
আগরকর এবং জাডেজা কখনও প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করেননি। তবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরে জাডেজাও একই সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের নেপথ্যে নির্বাচক কমিটির ভূমিকা ছিল কি না, তা নিয়ে তখন থেকেই আলোচনা রয়েছে।
এর পর ২০২৪ সালে শ্রীলঙ্কা এবং ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক দিনের দলেও জায়গা হয়নি জাডেজার। সেই সময় হতাশা প্রকাশ করে তিনি বলেছিলেন, তিনি খেলতে চান, কিন্তু দল নির্বাচন তাঁর হাতে নেই। তাঁর সেই মন্তব্যও নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা তৈরি করেছিল।
জাডেজার সাম্প্রতিক পোস্ট সেই পুরনো বিতর্ককেই আবার সামনে এনেছে। আগরকরের বিদায় নিশ্চিত হওয়ার পরই কেন তিনি এমন মন্তব্য করলেন, তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে জাডেজা নিজে অবশ্য কোথাও আগরকরের নাম করেননি বা তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগও তোলেননি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।