বিশ্বকাপের বাণিজ্যিক পরিকল্পনাতেই চাপে ইনফান্তিনো!
ফুটবল বিশ্বকাপ-সহ ফিফার একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার বাণিজ্যিক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা করে নতুন বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফিফার বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি পৃথক বাণিজ্যিক সংস্থা গঠনের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ নামে সেই সংস্থার মাধ্যমে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার পরিচালনা করার ভাবনা ছিল। পরিকল্পনা অনুযায়ী, সংস্থার অন্তত ২১ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে বিপুল অর্থ সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়া থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা আয় হতে পারে বলেও অনুমান করা হয়েছিল।
কিন্তু এই পরিকল্পনা সামনে আসতেই প্রবল আপত্তি জানায় ইউরোপের ফুটবল মহল। উয়েফার পাশাপাশি উত্তর আমেরিকা ও এশিয়ার একাধিক ফুটবল সংস্থাও এই উদ্যোগের বিরোধিতা করে। সমালোচনার জেরে পরে ফিফা জানায়, বিশ্বকাপ বিক্রির কোনও পরিকল্পনা তাদের নেই। শেষ পর্যন্ত বিরোধিতা এতটাই তীব্র হয় যে, প্রস্তাবটি কার্যকর করা সম্ভব হয়নি।
এরই মধ্যে ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, উয়েফা আর ইনফান্তিনোকে ফিফার সভাপতি হিসেবে দেখতে আগ্রহী নয়। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ফুটবল সংস্থা। উয়েফার ৫৫টি সদস্য দেশের সমর্থন এই উদ্যোগের পিছনে থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে অন্তত ৪৩টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন। উয়েফার হাতে সেই সংখ্যার চেয়েও বেশি সদস্য থাকায় প্রাথমিক সমর্থনের ঘাটতি নেই। পাশাপাশি উত্তর আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার কিছু সদস্য দেশেরও সমর্থন পাওয়া যাবে বলে আশাবাদী উয়েফা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে ইনফান্তিনোর জন্য।
বিশ্বকাপের বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত ফিফার শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের দিকে গড়ায় কি না, এখন সেটাই আন্তর্জাতিক ফুটবল মহলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।