শাহের বৈঠকে প্রাক্তন আইএএসের নেতৃত্বে কমিটি!
পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের পথে বড় পদক্ষেপ করল কেন্দ্র। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র নেতৃত্বে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আমলা তথা প্রাক্তন বিএসএফ প্রধান পঙ্কজকুমার সিংহকে।
বিজেপি নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল যে পৃথক রাজ্যের পথে না গিয়ে সংবিধানের কাঠামোর মধ্যেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবেই শনিবারের বৈঠককে দেখছেন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি Bimal Gurung, দলের নেতা রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক প্রতিনিধি অংশ নেন। দীর্ঘদিন ধরেই পাহাড়ের বিভিন্ন সংগঠন কেন্দ্র, রাজ্য এবং আঞ্চলিক নেতৃত্বকে নিয়ে এমন ত্রিপাক্ষিক আলোচনার দাবি জানিয়ে আসছিল।
কী কাজ করবে নতুন কমিটি?
সরকারি সূত্রে জানা গিয়েছে, পঙ্কজকুমার সিংহের নেতৃত্বাধীন কমিটি পাহাড়ের পাশাপাশি তরাই ও ডুয়ার্সের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। তাঁদের দাবি, সমস্যা এবং প্রত্যাশা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে।
এর আগে পাহাড়ের সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ করা হলেও সেই প্রক্রিয়া বিশেষ এগোয়নি। সে সময় বিভিন্ন পক্ষের অসহযোগিতার অভিযোগও উঠেছিল। এ বার একই মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন করে আলোচনা শুরু হওয়ায় পাহাড়ের রাজনৈতিক মহলে আশার সঞ্চার হয়েছে।
বৈঠকের পরে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের দাবি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে সমাধানের একটি রাস্তা তৈরি হয়েছে।
গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরিও জানিয়েছেন, ভবিষ্যতের যে কোনও সমাধান সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে। অন্য দিকে, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা এই বৈঠককে গোর্খা সমস্যার সমাধানের কাজ শুরুর গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
সব মিলিয়ে, পাহাড়ের দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের অবসান এখনই হচ্ছে না। তবে কেন্দ্রের নেতৃত্বে নতুন কমিটি গঠন এবং সব পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগকে অনেকেই স্থায়ী সমাধানের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখছেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।