নেপাল সীমান্তে গ্রেফতার মার্কিন নাগরিক, অবৈধভাবে পালানোর ছক?
উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত থেকে এক মার্কিন নাগরিককে গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বৈধ নথিপত্র ছাড়াই তিনি নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন। ধৃত ব্যক্তির নাম জর্ডন ব্রাউন (৩৬)। রবিবার উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার সানাউলি সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় তাঁকে আটক করেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর জওয়ানরা। পরে তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ব্রাউন পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও বৈধ ভ্রমণ নথি দেখাতে পারেননি। তদন্তে জানা গিয়েছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ব্রাউনের দাবি, পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। এরপর জলপথে শ্রীলঙ্কায় যান এবং গত বছরের ২ নভেম্বর সমুদ্রপথে গোয়ায় প্রবেশ করেন। সেই হিসেবে প্রায় আট মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে অভিযোগ।
জিজ্ঞাসাবাদে ব্রাউন আরও দাবি করেছেন, তিনি মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্য। তবে এই দাবির সত্যতা যাচাই করছে তদন্তকারী সংস্থাগুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়া থেকে তিনি বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তে পৌঁছেছিলেন। ঠিক কী উদ্দেশ্যে নেপালে প্রবেশের চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
তল্লাশিতে ব্রাউনের কাছ থেকে ৩১,৪৬০ টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিবাসন আইন ও বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের ২১ এবং ২৩ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর ভারত প্রবেশের পথ, গত আট মাসের গতিবিধি এবং সম্ভাব্য যোগাযোগের সূত্র খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনা এমন এক সময়ে সামনে এল যখন চলতি মাসের শুরুতেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দিল্লিতে ইউক্রেনের পাঁচ নাগরিক এবং এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছিল। তাঁদের বিরুদ্ধে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। সেই আবহে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তে আরও এক মার্কিন নাগরিকের গ্রেফতারি নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও উসকে দিয়েছে।
ভারত-নেপাল সীমান্তের সানাউলি এলাকা দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশপথ। ফলে সেখানে কোনও বিদেশি নাগরিক বৈধ নথি ছাড়া ধরা পড়লে নিরাপত্তা সংস্থাগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালায়। এই ঘটনাতেও ব্রাউনের উদ্দেশ্য, সম্ভাব্য যোগাযোগ এবং ভারতে অবস্থানের পুরো সময়কাল খতিয়ে দেখা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?