নতুন প্রেমের জল্পনায় মলাইকা অরোরা!
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। এতদিন ধরে গুঞ্জন ছিল, তিনি নাকি হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে আছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, এমনকি বিদেশ ভ্রমণেও একসঙ্গে সময় কাটানোর ছবি ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার সেই সব ধারণায় নতুন মোড় এনে দিল একটি সাম্প্রতিক ঘটনা।
রবিবার মলাইকার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে এক অচেনা পুরুষের হাত ধরে রেস্তরাঁ থেকে বের হতে দেখা গেছে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়া ওই দৃশ্যে মলাইকার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের কো-অর্ড সেট, চোখে সানগ্লাস। তাঁর সঙ্গে থাকা পুরুষটিও ক্যাজুয়াল পোশাকে ছিলেন—ছাই রঙের প্যান্ট, সাদা টি-শার্ট, মাথায় নীল টুপি এবং চোখে সানগ্লাস। দু’জনকে বেশ স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে হাঁটতে দেখা যায়, যা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা—তাহলে কি এই পুরুষই মলাইকার নতুন সঙ্গী?
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা রকম জল্পনা শুরু হয়েছে। একাংশের মতে, হর্ষ মেটা নয়, এই অচেনা ব্যক্তিই হয়তো মলাইকার বর্তমান সঙ্গী। তবে অন্য একটি বড় অংশ মনে করছে, এটি শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মুহূর্ত, এর বেশি কিছু নয়।
গত কয়েক মাস ধরেই মলাইকার ব্যক্তিগত জীবন ঘিরে একাধিক নাম ও গুঞ্জন সামনে এসেছে। যদিও এসব নিয়ে তিনি কখনও খুব বেশি গুরুত্ব দেননি। এক সাক্ষাৎকারে মলাইকা নিজেই বলেছিলেন, এসব গসিপ তিনি হাসিমুখে গ্রহণ করেন এবং এগুলো নিয়ে আর মাথা ঘামান না। এমনকি তিনি এটাও জানিয়েছেন যে, তাঁর ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব গুঞ্জন নিয়ে তিনি অনেক সময় মজাও করেন।
সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে মলাইকার অবস্থান বরাবরই স্পষ্ট। তিনি বলেছেন, জীবনে কিছু জোর করে পরিকল্পনা করা যায় না—যা হওয়ার, তা নিজে থেকেই হবে। আপাতত তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এবং সুখী আছেন। তাঁর মতে, পূর্ণতা পাওয়ার জন্য কোনও সঙ্গীর উপর নির্ভর করার প্রয়োজন নেই।
তবে নতুন ভিডিও প্রকাশ্যে আসায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মলাইকা। এটি কি শুধুই একটি সাধারণ বন্ধুত্বপূর্ণ মুহূর্ত, নাকি সত্যিই নতুন সম্পর্কের ইঙ্গিত—তা নিয়ে কৌতূহল বাড়ছে অনুরাগীদের মধ্যে। আপাতত এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?