কোন জিনিস সস্তা, কোনটা বেশি দামে
দেশের বাজারে বড়সড় পরিবর্তন আনতে নতুন করে জিএসটি হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, এবার থেকে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) মাত্র দুটি হার কার্যকর হবে— ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। আগের ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারের স্তর তুলে দেওয়া হয়েছে। তবে বিলাসবহুল ও বিশেষ কিছু পণ্যের জন্য রাখা হয়েছে ৪০ শতাংশের আলাদা হার। এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।
নতুন জিএসটি কাঠামোর ফলে বাজারে অনেক পণ্যের দাম কমবে, আবার কিছু জিনিস হবে আরও ব্যয়বহুল। দেখে নেওয়া যাক বিস্তারিত।
সস্তা হচ্ছে যা যা
- দুধ, ছানা, পনির, রুটি-পাউরুটি: এগুলোর উপর থেকে সম্পূর্ণভাবে জিএসটি প্রত্যাহার করা হয়েছে।
- দুগ্ধজাত পণ্য: কনডেনসড মিল্ক, মাখন, ঘি, চিজসহ দুগ্ধজাত পণ্যের জিএসটি ১২ থেকে কমে হয়েছে ৫ শতাংশ।
- শুকনো ফল ও ফলমূল: বাদাম, খেজুর, আম, পেয়ারা, আনারস, অ্যাভোকাডো প্রভৃতির জিএসটি ৫ শতাংশে নামানো হয়েছে।
- মাংস ও মাছজাত খাবার: পশুচর্বি, সসেজ, রান্না বা সংরক্ষিত মাংস ও মাছ, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, চিনি এবং সবজি এখন থেকে সস্তা। এগুলোর জিএসটি ১২ থেকে কমে ৫ শতাংশ।
- প্রক্রিয়াজাত খাবার ও পানীয়: জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং ২০ লিটারের বোতলজাত পানীয় জলের জিএসটি ৫ শতাংশ।
- মিষ্টি ও স্ন্যাকস: মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনে আর ১৮ নয়, জিএসটি হবে মাত্র ৫ শতাংশ।
- বীমা খাত: জীবনবীমা এবং স্বাস্থ্যবীমার উপর থেকে পুরোপুরি জিএসটি তুলে দেওয়া হয়েছে।
- বিড়ি: বিড়ির পাতায় জিএসটি ১৮ থেকে কমে ৫ শতাংশ, আর বিড়িতে ২৮ থেকে কমে ১৮ শতাংশ।
- শিল্পক্ষেত্রের কেমিক্যাল: সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও অ্যামোনিয়ার জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ।
- ইলেকট্রনিক্স ও যানবাহন: টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি-র নিচের বাইকে এখন ১৮ শতাংশ জিএসটি, ফলে দাম কিছুটা কমবে।
দাম বাড়ছে যা যা
- বিলাসবহুল যানবাহন ও প্রাইভেট জেট: এই ধরনের গাড়ি, রেসিং কার, বিলাসবহুল মোটরসাইকেলে ৪০ শতাংশ জিএসটি ধার্য।
- পান মশলা ও কার্বনেটেড ড্রিঙ্কস: অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয় ও কার্বনযুক্ত পানীয়ের জিএসটি ২৮ থেকে বেড়ে ৪০ শতাংশ।
- তামাকজাত দ্রব্য: সিগারেট, চুরুট এবং তামাকের অন্যান্য পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি লাগবে।
- কয়লা: কয়লার জিএসটি ৫ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে।
এই নতুন জিএসটি কাঠামো মূলত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রকে সস্তা করতে এবং বিলাসবহুল বা স্বাস্থ্যহানিকর পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন বাজার খরচ কিছুটা কমলেও বিলাসপণ্যের দাম বাড়বে নিশ্চিত।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ