তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোনও বাধা নেই, স্পষ্ট বার্তা রাহুলের

তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোনও বাধা নেই! পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের কৌশল কী হবে, তা নিয়ে দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে।…

March 20, 2025
1 min read

তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোনও বাধা নেই!

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের কৌশল কী হবে, তা নিয়ে দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে। বৈঠকে রাহুল স্পষ্ট জানিয়ে দিলেন, কংগ্রেস হাইকমান্ড রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোনও বাধা দেয়নি। সংসদে বোঝাপড়া থাকলেও, রাজনৈতিক ময়দানে কংগ্রেসকে নিজের শক্তিতে লড়তে হবে।

কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার ডাক

দিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠকে রাহুল বলেন, “কংগ্রেসের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে, তবে যে বা যারা কংগ্রেসের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধেও লড়তে হবে।” তিনি আরও বলেন, কংগ্রেসের সংগঠনকে তৃণমূল স্তর থেকে মজবুত করাই এখন মূল লক্ষ্য।

সূত্রের খবর, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গে যাবেন এবং কংগ্রেসের প্রচারে শামিল হবেন। রাহুল বলেন, “কংগ্রেস যখনই ডাকবে, আমরা আসব। এখন সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের অধিকারের জন্য লড়তে হবে। কংগ্রেস বাংলার মানুষের কণ্ঠ হয়ে উঠবে।”

জোটের আলোচনা নয়, এখন সংগঠনের উপর জোর

বৈঠকের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই মুহূর্তে কোনও জোট নিয়ে আলোচনা হবে না। বামেদের সঙ্গে সম্ভাব্য জোট হোক বা তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কংগ্রেসের নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিকল্পনাই প্রাধান্য পাচ্ছে। বৈঠকের পরে কংগ্রেস নেতা গুলাম আহমেদ মির বলেন, “জোট নিয়ে পরে আলোচনা হবে, আগে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনের ব্যর্থতাগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে।”

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা

বৈঠকে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, অমিতাভ চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্যসহ বহু প্রবীণ ও তরুণ নেতা উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতৃত্ব তাদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং ভবিষ্যৎ রণনীতি নিয়ে মতামত নেন। বৈঠকের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “রাজ্যের রাজনীতি এখন দ্বিমেরুর লড়াইয়ে আটকে গিয়েছে। কংগ্রেসকে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে মানুষের উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। আমরা রাজ্যের উন্নয়নের পক্ষে লড়াই চালিয়ে যাব।”

রাজ্যের রাজনৈতিক ময়দানে কংগ্রেস কতটা নিজের অবস্থান মজবুত করতে পারে, তা এখন সময়ই বলবে। তবে রাহুলের বার্তা স্পষ্ট— তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস কোনও ভাবেই পিছপা হবে না।

পরিচালকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ! নুসরতের সই জাল, কী বলছেন প্রযোজকরা?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *