বিজয়ের টিভিকে এগিয়ে!
তামিলনাড়ুর ভোটগণনায় বড় চমক দেখা যাচ্ছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী অভিনেতা বিজয়ের দল টিভিকে (TVK) ১০৬টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, শাসক ডিএমকে শিবিরের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নিজের কেন্দ্র কোলাথুর, যেখানে তিনি টানা তিনবার জিতলেও এ বার প্রাথমিক রাউন্ডে পিছিয়ে রয়েছেন।
ভোটগণনার বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, কোলাথুরে তিনটি রাউন্ডেই এগিয়ে রয়েছেন টিভিকে প্রার্থী ভিএস বাবু। যদিও শুরুতে কিছু আসনে স্ট্যালিন ও ডিএমকে এগিয়ে ছিল, পরে পরিস্থিতি বদলাতে থাকে। বিজয়ের দল একাধিক আসনে অগ্রগতি ধরে রাখায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে।
অন্য রাজ্যগুলিতেও ট্রেন্ডে নানা ছবি দেখা যাচ্ছে—কেরলে কংগ্রেস জোট ইউডিএফ এগিয়ে এবং বামেরা পিছিয়ে, অসমে বিজেপি এগিয়ে, আর পুদুচেরিতে এনডিএ এগিয়ে রয়েছে বলে প্রাথমিক তথ্য বলছে।
টিভিকে শিবির অবশ্য আত্মবিশ্বাসী। দলের এক নেতা দাবি করেছেন, কোনও বড় জোটের সমর্থন ছাড়াই তারা সরকার গড়ার পথে এগোচ্ছে এবং রাজ্যে পরিবর্তনের ঢেউ উঠেছে। তামিলনাড়ুর মোট ২৩৪ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন—সেই লক্ষ্যে লড়াই এখন তীব্র হয়ে উঠেছে।
তবে এখনই চূড়ান্ত ফল নয়—গণনা চলছে, আর প্রতিটি রাউন্ডেই বদলাচ্ছে ছবিটা।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা