‘শুধু বন্ধু’ নাকি আরও কিছু?
২৩ মার্চ, অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়-এর জন্মদিন। রাত বারোটার পর থেকেই শুরু হয়ে গিয়েছে উদ্যাপন, আর সেই ঝলকও ইতিমধ্যেই সামনে এসেছে। তবে এই বিশেষ দিনে সবচেয়ে বেশি কৌতূহল ঘিরে রয়েছে আর এক নামকে— সৌরভ চক্রবর্তী।
টলিপাড়ায় বহু দিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। যদিও দু’জনেই প্রকাশ্যে বারবার বলেছেন— তাঁরা “খুব ভাল বন্ধু”, এর বেশি কিছু নয়। কিন্তু শুভস্মিতার এই জন্মদিন ঘিরে সৌরভের পরিকল্পনা যেন সেই ‘বন্ধুত্ব’-এর সংজ্ঞা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।
এই দিনটায় কি শুটিং থেকে ছুটি নিয়েছেন সৌরভ? প্রশ্ন শুনে খানিক লাজুক হাসি দিয়েই উত্তর দিলেন তিনি। বললেন, “আজ শুটিং নেই। একটু কাজে বেরিয়েছি, রাতে খাওয়া-দাওয়া হবে।” কথায় সরলতা থাকলেও, অনেকেরই মনে হয়েছে— এই ছুটিটা হয়তো বিশেষ কারণেই নেওয়া।
তবে বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি অভিনেতা। বরং প্রশ্ন ঘুরিয়ে দিয়ে জানালেন, আগের রাতেই জন্মদিনের উদ্যাপন হয়ে গিয়েছে। “পরিবারের সবাই ছিলাম, আমরা একা ছিলাম না,”— এই কথার মাধ্যমে যেন স্পষ্টই ইঙ্গিত দিলেন, বিষয়টিকে খুব বেশি রঙ দিতে তিনি রাজি নন।
তবুও প্রশ্ন থামছে না। কারণ, এই জন্মদিনই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও উস্কে দিয়েছে। শোনা যাচ্ছিল, খুব শিগগিরই নাকি বিয়ের পরিকল্পনাও রয়েছে তাঁদের। তবে সেই প্রসঙ্গে সৌরভ স্পষ্ট জানালেন, এই মুহূর্তে তাঁদের প্রধান লক্ষ্য কাজ। তিনি বললেন, “আমাদের কাঁধে বড় দায়িত্ব রয়েছে। ধারাবাহিকটা ভাল ভাবে চলুক, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনই সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাবছি না।”
শুভস্মিতার জন্য কী উপহার কিনেছেন? সেই প্রশ্নেও সরাসরি উত্তর মেলেনি। বরং একটু হেসে এড়িয়ে গিয়ে সৌরভ বলেন, “শুভস্মিতা খুব লড়াকু মেয়ে। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।”
তবে দিন শেষে জানা যাচ্ছে, জন্মদিনের রাতে একসঙ্গে বিশেষ ডিনারের পরিকল্পনা রয়েছে তাঁদের। সেটাই কি আসল উদ্যাপন? না কি শুধুই বন্ধু হিসেবে সময় কাটানো— তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
সব মিলিয়ে, কথায় যতই ‘বন্ধুত্ব’-এর কথা বলা হোক, সৌরভের লাজুক হাসি আর এড়িয়ে যাওয়া উত্তর যেন অন্য গল্পই বলছে। সত্যিটা কী— তা হয়তো সময়ই বলবে।