জরায়ুতে ছ’মাসের শিশুর সমান টিউমার!
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় জীবনের এক কঠিন অধ্যায়ের কথা নিজেই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি সমাজমাধ্যমে তিনি জানান, তাঁর জরায়ুতে একাধিক ফাইব্রয়েড টিউমার ধরা পড়েছিল। তার মধ্যে দু’টির আকার ছিল প্রায় ৯.৫ সেন্টিমিটার, যা প্রায় ছ’মাসের ভ্রূণের সমান। শেষ পর্যন্ত দীর্ঘ সাড়ে চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমারগুলি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
হাসপাতালের শয্যায় বসে বই পড়ার একটি ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তন্বী। হাতে স্যালাইনের নল, তবু মুখে ছিল সাহসী হাসি। তাঁর সেই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
অভিনেত্রীর কথায়, মোট ন’টি ফাইব্রয়েড ধরা পড়েছিল। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার ছাড়া অন্য কোনও উপায় ছিল না। জীবনের প্রথম অপারেশন হওয়ায় স্বাভাবিক ভাবেই ভয় এবং উদ্বেগে ভুগছিলেন তিনি। প্রায় এক মাস ধরে একাধিক চিকিৎসকের পরামর্শ, এমআরআই-সহ নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
সমাজমাধ্যমে আবেগঘন পোস্টে তন্বী লেখেন, “জন্মদিনের মাসটা এ ভাবে কাটবে, কোনও দিন ভাবিনি। জন্মদিন উদ্যাপন তো দূরের কথা, বেড়াতে যাওয়ার টিকিটও বাতিল করতে হয়েছে। সবচেয়ে কঠিন ছিল ঠিক করা, জীবনের প্রথম অস্ত্রোপচারটা কোন চিকিৎসকের হাতে করাব।”
সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, চিকিৎসকের আশ্বাস, পরিবারের সমর্থন এবং নিজের মানসিক জোরই তাঁকে এই কঠিন সময় পার করতে সাহায্য করেছে।
তবে এই অসুস্থতা তাঁর কাজেও প্রভাব ফেলেছে। সম্প্রতি একটি ওয়েব সিরিজ়ে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তন্বী। শুটিং প্রায় শেষ হলেও একটি দিনের কাজ বাকি থাকতেই অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। সেই সময় তাঁর আশঙ্কা ছিল, হয়তো তাঁকে বদলে অন্য কাউকে নেওয়া হবে। কিন্তু পরিচালক এবং প্রযোজনা সংস্থা তাঁর পাশে দাঁড়ায়। সুস্থ হয়ে ফিরে এসে কাজ শেষ করার জন্য তাঁকে প্রয়োজনীয় সময় দেওয়া হয়।
তন্বী লেখেন, “একাধিক চিকিৎসা, পরীক্ষা আর হাসপাতালের দৌড়ঝাঁপের মাঝেও যতটা সম্ভব শুটিং করেছি। এখনও এক দিনের শুটিং বাকি। ওঁরা আমাকে সময় দিয়েছেন। এই বিশ্বাস আর সহযোগিতা আমি কোনও দিন ভুলব না।”
আগামী ২৭ জুলাই অভিনেত্রীর জন্মদিন। এ বছর জন্মদিনের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেলেও, সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফেরাই এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য। অনুরাগীরাও প্রার্থনা করছেন, খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আগের মতোই অভিনয়ে ফিরুন তন্বী লাহা রায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?