দুই কন্যার মা দীপিকা!
দ্বিতীয় বার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দু’বছর পর ফের দুই কন্যার মা হলেন দীপিকা। সমাজমাধ্যমে পোস্ট করে সন্তান জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা এবং রণবীর সিংহ।
তবে শোনা যাচ্ছে, মাতৃত্বের এই নতুন অধ্যায়কে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন না দীপিকা। মাতৃত্বের শুরুর দিনগুলিকে ঘিরে একটি নতুন উদ্যোগের ভাবনা নিয়ে অভিনেত্রী নীরবে কাজ করছেন বলে খবর। যদিও সেই উদ্যোগের প্রকৃতি বা পরিকল্পনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। সূত্রের দাবি, দুই সন্তানের মা হওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতাই এই ভাবনার অন্যতম অনুপ্রেরণা।
এই উদ্যোগ বাস্তবায়নের কাজে দীপিকার সঙ্গে রয়েছেন সাবিকা পাটনী। ভারত এবং আমেরিকা—দুই দেশেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাস্থ্য পরিষেবা এবং ভোগ্যপণ্য সংক্রান্ত বিভিন্ন সংস্থায় কাজ করেছেন সাবিকা। সাম্প্রতিক সময়ে মহিলাদের স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়েও কাজ করছেন তিনি।
মাতৃত্ব এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার বিষয়ে এর আগেও একাধিক বার কথা বলেছেন দীপিকা। পরিবারে নতুন সদস্য এলেও তাঁর পেশাগত ব্যস্ততা থেমে থাকেনি। এমনকি দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা থাকাকালীনও চলতি বছরের শুরুতে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন অভিনেত্রী।
মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন দীপিকা। ২০১৫ সালে নিজের অবসাদ এবং উদ্বেগের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানানোর পর তিনি ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং এই বিষয়ে কথাবলার পরিসর বাড়ানোই ছিল সংস্থাটির অন্যতম লক্ষ্য।
এ বার মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নতুন কোনও উদ্যোগ সত্যিই বাস্তবায়িত হয় কি না, সে দিকেই নজর অনুরাগীদের। তবে মা হওয়ার পরও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। এ ছাড়াও অল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবিতেও দেখা যাবে তাঁকে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।