নারী দিবসে মিছিলের আহ্বান মমতার!
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, রবিবার মহিলারা কালো শাড়ি পরে হাঁড়ি–কড়াই, হাতা–খুন্তি নিয়ে মিছিলে যোগ দিন।
মুখ্যমন্ত্রীর কথায়, রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বড় চাপ তৈরি করছে। বিশেষ করে গৃহস্থালির কাজ সামলানো মহিলাদের উপর এর প্রভাব আরও বেশি পড়ছে। সেই কারণেই নারী দিবসের দিন প্রতিবাদের এই কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।
শনিবার তিনি বলেন, “গ্যাসের দাম বেড়েছে, অথচ মানুষের সমস্যার কথা ভাবা হচ্ছে না। কাল আন্তর্জাতিক নারী দিবস। মা-বোনেরা কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই, বাটি, হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে নামুন।” তিনি আরও বলেন, গ্যাসের দাম বাড়লে সংসারের রান্নাবান্না চালানোই কঠিন হয়ে পড়ে— সেই বাস্তব সমস্যার কথাই তুলে ধরতে চান তাঁরা।
মিছিলের পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেত্রী Chandrima Bhattacharya-কে। মিছিলের সময় ও রুট নিয়ে দলের তরফে পরে বিস্তারিত জানানো হবে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে সাদা শাড়ি পরবেন, আর প্রতিবাদে অংশ নেওয়া মহিলাদের কালো শাড়ি পরে আসতে অনুরোধ করেছেন।
এই প্রসঙ্গে তিনি একটি প্রতীকী ব্যাখ্যাও দেন। তাঁর কথায়, যেমন আইনজীবীরা বিচার পাওয়ার প্রতীক হিসেবে আদালতে কালো কোট পরেন, তেমনভাবেই কালো শাড়ি পরে প্রতিবাদ জানানো হবে। এটি হবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের বার্তা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাঁরা মিছিলে আসবেন, তাঁরা চাইলে হাঁড়ি-কড়াইয়ের পাশাপাশি গ্যাসের চুলাও আনতে পারেন। রান্না কীভাবে হবে, সেটাই তো আজ বড় প্রশ্ন।” এমনকি কাঁচা সবজি বা রান্নার সামগ্রী আনার কথাও বলেন তিনি, যাতে বোঝানো যায়— গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কতটা কঠিন হয়ে ওঠে।
তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই কর্মসূচি কোনও অশান্তির জন্য নয়। তাঁর কথায়, “এটা প্রতিবাদের জন্য, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ। আমাদের ভাষা যেন সভ্য থাকে।”
গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অল্প সময়ের ব্যবধানে একাধিকবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, সম্প্রতি সিলিন্ডার প্রতি প্রায় ৬০ টাকা দাম বেড়েছে। এর আগে আরও কয়েকদিন আগে দাম বেড়েছিল।
বর্তমানে ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে প্রায় ৯৩৯ টাকায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যদি জ্বালানির দাম বাড়তে পারে— তা আগে থেকে আন্দাজ করে পরিকল্পনা করা হল না কেন? তাঁর মতে, সাধারণ মানুষের প্রয়োজনের বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের আরও আগে ভাবা উচিত ছিল।
এই পরিস্থিতিতে মানুষের অসন্তোষ প্রকাশের সুযোগ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সেই কারণেই নারী দিবসে মহিলাদের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এখন দেখার, এই কর্মসূচিতে কতটা সাড়া মেলে এবং গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপ কতটা বাড়ে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?