আর্জেন্টিনার তারকার শান্ত মুহূর্ত!
ভারত সফরের শেষ লগ্নে একেবারে অন্য রকম এক ছবি উপহার দিলেন লিয়োনেল মেসি। মাঠের তীব্রতা, ভক্তদের উন্মাদনা আর ক্যামেরার ঝলকানির বাইরে গিয়ে সোমবার রাতে তিনি ধরা দিলেন নীরব, সংযত এক মুহূর্তে। সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকে সঙ্গে নিয়ে গুজরাতের জামনগরে রিলায়্যান্স ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে ওঠা ‘বনতারা’য় পৌঁছেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। সেখানকার মন্দিরে পুজো দিতে দেখা যায় তিন ফুটবলারকে—অনন্ত অম্বানীর উপস্থিতিতে।
রিলায়্যান্স ফাউন্ডেশনের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরের বিগ্রহের সামনে মাথা নত করে প্রণাম করছেন মেসি। পাশে দাঁড়িয়ে অনন্ত অম্বানী ও রদ্রিগো ডি’পল। থালায় প্রদীপ, ফুল আর ধূপ সাজিয়ে আরতি করতেও দেখা যায় মেসি-ডি’পল-সুয়ারেজ়কে। ভারতীয় সংস্কৃতির প্রতি এই শ্রদ্ধা ও কৌতূহলের মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
ভারত সফরের ব্যস্ত সূচির মাঝেই এই সফর ছিল খানিকটা ব্যক্তিগত। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে নানা কর্মসূচিতে অংশ নেওয়ার পর মেসি তাঁর যাত্রাপথে সামান্য পরিবর্তন এনে জামনগরে যান। ‘বনতারা’র অনুষ্ঠানটি জনসমক্ষে সম্প্রচার করা হয়নি। অম্বানী পরিবারও এই সাক্ষাৎকে ব্যক্তিগত পরিসরেই রেখেছেন। ফলে প্রায় ৩০০০ একর বিস্তৃত এই বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসাকেন্দ্রে মেসিরা ঠিক কী কী করলেন—তার সবটা প্রকাশ্যে আসেনি।
তবে যেটুকু ছবি সামনে এসেছে, তাতেই ধরা পড়েছে ভিন্ন এক মেসি। কখনও সিংহের পাশে দাঁড়িয়ে ছবি, কখনও বাঘের সামনে নির্ভীক ভঙ্গি, আবার কখনও জিরাফের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়া—সব মিলিয়ে প্রকৃতি আর প্রাণীর সঙ্গে তাঁর সহজ সম্পর্কের ঝলক। হাতির সঙ্গেও ছবি তুলেছেন মেসি, ডি’পল ও সুয়ারেজ়—যেখানে অনন্ত অম্বানীকেও দেখা যায়।
এই সফরের পরই ভারত ছেড়ে বার্সেলোনার পথে রওনা দেন মেসি। দিল্লির অনুষ্ঠান শেষ করে তিনি জানিয়েছিলেন, ভারতীয় সমর্থকদের ভালবাসায় তিনি আপ্লুত। খেলতে হোক বা অন্য কোনও কারণে—ভবিষ্যতে আবার ভারতে ফিরতে চান বলেও ইঙ্গিত দেন এলএম টেন।
মাঠে যাঁকে দেখা যায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিতে, গোলের পর উচ্ছ্বাসে ভাসতে—জামনগরের সেই ছবিতে ধরা পড়ল এক অন্য লিয়োনেল মেসি। নীরব, শ্রদ্ধাশীল এবং কৌতূহলী এক বিশ্বতারকা, যিনি ভিন্ দেশের সংস্কৃতিকে সম্মানের চোখে দেখেন। ভারতের মাটিতে তাঁর এই মুহূর্ত নিঃসন্দেহে ভক্তদের স্মৃতিতে আলাদা জায়গা করে নেবে।