মেসিকে বার্সায় ফেরানোর চেষ্টা করেছিলেন জ়াভি!
বার্সেলোনার জার্সিতে একসঙ্গে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছিলেন লিয়োনেল মেসি এবং জ়াভি। সতীর্থ হিসাবে দীর্ঘ সময় মাঠে কাটানোর পর মেসিকে ফের বার্সার জার্সিতে দেখার ইচ্ছা ছিল জ়াভিরও। কিন্তু কোচ হিসাবে সেই ইচ্ছা পূরণ করতে পারেননি তিনি। সম্প্রতি এক পডকাস্টে সেই আক্ষেপের কথাই জানিয়েছেন প্রাক্তন স্প্যানিশ ফুটবলার।
জ়াভি জানিয়েছেন, মাত্র ১৬ বছর বয়সেই প্রথম মেসিকে দেখেছিলেন তিনি। সেই বয়সেই আর্জেন্টিনার তারকার প্রতিভা তাঁকে মুগ্ধ করেছিল। জ়াভির কথায়, প্রথম দেখাতেই তিনি বুঝেছিলেন মেসির মধ্যে বিশেষ কিছু রয়েছে। বার্সেলোনার সেরা ডিফেন্ডারদেরও খুব সহজে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তরুণ মেসি। বল যেন তাঁর পায়ের সঙ্গে আটকে থাকত। তখনই জ়াভির মনে হয়েছিল, এই ফুটবলার এক দিন বিশ্বের সেরা হতে পারেন।
পরবর্তীতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সঁ জরমঁ-তে যান মেসি। সেখান থেকে পরে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। সেই সময় বার্সেলোনার কোচ ছিলেন জ়াভি। প্রাক্তন সতীর্থকে আবার পুরনো ক্লাবে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তিনি।
জ়াভি বলেন, মেসিকে বার্সায় ফেরাতে তিনি অনেক কথাবার্তা বলেছিলেন। তাঁর ইচ্ছা ছিল, মেসির ফুটবলজীবনের শেষ অধ্যায়টা যেন বার্সেলোনাতেই হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তাঁর মতে, মেসি ফিরলে বার্সেলোনার জন্য সেটি অত্যন্ত বিশেষ মুহূর্ত হত।
মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তুলনা নিয়েও নিজের মত জানিয়েছেন জ়াভি। তাঁর চোখে রোনাল্ডো অসাধারণ গোলস্কোরার। তবে মেসির ভূমিকা আরও বিস্তৃত। তিনি শুধু গোল করেন না, সতীর্থদের দিয়ে গোল করান, মাঝমাঠে নেমে খেলা তৈরি করেন এবং প্রয়োজন অনুযায়ী ফল্স নাইনের ভূমিকাতেও খেলতে পারেন। সেই কারণেই মেসিকে সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় আলাদা জায়গায় রাখেন জ়াভি।
বর্তমান প্রজন্মের বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের মধ্যেও মেসির ছায়া দেখতে পান জ়াভি। মাত্র ১৫ বছর বয়সে ইয়ামালকে প্রথম দেখার সময় তাঁর মনে হয়েছিল, যেন তরুণ মেসিকেই দেখছেন। জ়াভির মতে, ইয়ামালের মধ্যেও ভবিষ্যতে বড় সাফল্য অর্জনের মতো প্রতিভা রয়েছে। তবে সেই সম্ভাবনা বাস্তবে কতটা পূর্ণতা পায়, তা সময়ই বলবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।