অবসাদ কমাতে, শরীর সুস্থ রাখতে জাদুর মতো কাজ করে সূর্য যন্ত্রাসন

শরীর সুস্থ রাখতে সূর্য যন্ত্রাসন! সকালের হালকা রোদে খালি পেটে যোগাসন করলে শরীর যেমন চাঙ্গা থাকে, তেমনই মনও থাকে সতেজ। যোগচর্চায় এমন অনেক আসন আছে যা শরীর-মন দুটোরই উপকারে আসে।…

June 28, 2025
1 min read

শরীর সুস্থ রাখতে সূর্য যন্ত্রাসন!

সকালের হালকা রোদে খালি পেটে যোগাসন করলে শরীর যেমন চাঙ্গা থাকে, তেমনই মনও থাকে সতেজ। যোগচর্চায় এমন অনেক আসন আছে যা শরীর-মন দুটোরই উপকারে আসে। ঠিক তেমনই একটি উপকারী আসন হল সূর্য যন্ত্রাসন, ইংরেজিতে যাকে বলা হয় Compass Pose। এই আসনটি শুধু শরীরের নমনীয়তাই বাড়ায় না, বরং মানসিক চাপ, উদ্বেগ, ও অবসাদ কাটাতেও সহায়ক। অনেকেই দিনের শুরু করেন সূর্য নমস্কার দিয়ে। তবে তার আগে শরীরকে প্রস্তুত করতে সূর্য যন্ত্রাসন অনুশীলন করলে পেশির নমনীয়তা সহজে তৈরি হয়, যা ভবিষ্যতের আরও জটিল আসনগুলো অনায়াসে আয়ত্তে আনতে সাহায্য করে।

সূর্য যন্ত্রাসনের একটি বড় সুবিধা হল—এই আসন দিনে যেকোনও সময় করা যায়। তবে ফিটনেস বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে, বিশেষ করে খোলা জায়গায় প্রকৃতির মাঝে এই আসনটি করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। কারণ ভোরের বিশুদ্ধ বাতাস ও রোদ শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় এবং মন মস্তিষ্ককে চাঙ্গা রাখে।

সূর্য যন্ত্রাসন কীভাবে করবেন?

এই আসনের জন্য প্রথমে আপনাকে দণ্ডাসন ভঙ্গিতে বসতে হবে। দু’পা সামনের দিকে সোজা করে ছড়িয়ে বসুন। এরপর বাম পা মুড়ে বসুন যেন আপনি সুখাসনে রয়েছেন। এবার ডান পা উপরের দিকে তুলুন এবং চেষ্টা করুন আপনার বাম হাত মাথার পেছন দিয়ে ডান পা ছুঁতে। ডান হাত থাকবে মাটিতে, তালু দিয়ে মাটি স্পর্শ করবে। পিঠ থাকবে একেবারে সোজা এবং ডান হাঁটু যেন কোনও ভাবেই বেঁকে না যায়। এই ভঙ্গিতে প্রায় ২০ সেকেন্ড থাকুন, তারপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। দিনে ২-৩ বার অনুশীলন করলেই আপনি নিজের শরীরের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন।

এই আসনের উপকারিতা কী?

সূর্য যন্ত্রাসনের সবচেয়ে বড় উপকারিতা হল পিঠ ও কাঁধের পেশি নমনীয় করে তোলা। নিয়মিত অভ্যাসে এই আসন শরীরের উপরিভাগ শক্তিশালী করে তোলে। এছাড়াও পেটের নিচের দিকের চর্বি ঝরাতে এই আসন অত্যন্ত কার্যকর। নিতম্বের অতিরিক্ত মেদ কমানো ও মেরুদণ্ড সোজা রাখতেও সাহায্য করে। মানসিক ভাবে যাঁরা উদ্বেগ বা ডিপ্রেশনের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই আসন একপ্রকার প্রাকৃতিক ওষুধ। মনঃসংযোগ বৃদ্ধি করে, একাগ্রতা বাড়ায় এবং চিন্তা দূর করে দেয়।

কাদের এই আসন এড়ানো উচিত?

যাঁদের মেরুদণ্ডে চোট লেগেছে, যাঁরা সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন, বা যাঁরা গর্ভবতী, তাঁদের এই আসন থেকে দূরে থাকাই ভালো। এছাড়া যদি কোনও বিশেষ শারীরিক অসুস্থতা থেকে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও নতুন যোগাসন শুরু না করাই শ্রেয়।

এই একটি মাত্র আসনের চর্চাতেই যদি শরীর-মন দুইয়ের উপর এত ইতিবাচক প্রভাব পড়ে, তবে কেন দেরি? নিজেকে দিন সময়, দিন স্বাস্থ্য, এবং অভ্যাস করুন সূর্য যন্ত্রাসন।

‘সর্দারজি ৩’ ঘিরে বিতর্কে উত্তাল ভারত! পাক নায়িকার সঙ্গে অভিনয়ে নিষিদ্ধ দিলজিৎ, পাকিস্তানে চলছে মুক্তির তোড়জোড়

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *