বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন না অভিষেক
চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের সামনে উপস্থিত হয়ে পরীক্ষা করাতে হবে। কিন্তু তাঁর আইনজীবী আদালতে স্পষ্ট জানান, অভিষেক ওই বোর্ডের সামনে হাজির হবেন না। এরপরই আদালত মামলাটি খারিজ করে দেয়।
এর আগে সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে বিষয়টি ফের হাই কোর্টে পাঠিয়েছিল। শুনানিতে অভিষেকের আইনজীবীরা দাবি করেন, তাঁর চোখের দীর্ঘদিনের চিকিৎসা যুক্তরাষ্ট্রে চলছে এবং একই চিকিৎসক দলের তত্ত্বাবধানেই চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন। তাঁরা জানান, অতীতেও বিভিন্ন মামলার মধ্যেই আদালতের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসা করিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরেছেন অভিষেক। তাই এবারও তিন সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল।
অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাই বিদেশে যাওয়ার আগে স্বাধীন মেডিক্যাল বোর্ডের মতামত নেওয়া জরুরি। আদালতও জানায়, যদি এসএসকেএমের বিশেষজ্ঞ বোর্ড মত দেয় যে ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়, তবেই বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তবে অভিষেকের আইনজীবীরা এই শর্তে সম্মত হননি। তাঁদের বক্তব্য ছিল, একজন জামিনে থাকা ব্যক্তির নিজের পছন্দের চিকিৎসক বা হাসপাতালে চিকিৎসা করানোর অধিকার রয়েছে এবং সে জন্য স্বাধীন মেডিক্যাল বোর্ডের অনুমতি প্রয়োজন নয়। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, অভিষেক এসএসকেএম হাসপাতালে যাবেন না এবং যুক্তরাষ্ট্রেই চিকিৎসা করাতে চান।
বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন, চিকিৎসা অবশ্যই জরুরি, কিন্তু যদি ভারতের মধ্যেই উন্নত চিকিৎসা সম্ভব হয়, তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে ভারত কোনও অংশে পিছিয়ে নেই এবং রোগীর স্বার্থে আগে দেশের বিশেষজ্ঞদের মতামত নেওয়াই যুক্তিযুক্ত।
শেষ পর্যন্ত আদালত অভিষেককে আবারও জিজ্ঞাসা করে তিনি মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে রাজি কি না। আইনজীবীরা পুনরায় না জানালে বিচারপতি মামলাটি খারিজ করে দেন। এর ফলে আপাতত চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আদালতের অনুমতি পেলেন না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?