ব্যাগে আধখাওয়া থেপলা, মনে শুধু দুয়া—মাতৃত্বে কী ভাবে বদলে গেল দীপিকা পাড়ুকোন

মাতৃত্বে কী ভাবে বদলে গেল দীপিকা পাড়ুকোন! গত কয়েক মাস ধরে দীপিকা পাড়ুকোনকে ঘিরে চর্চার শেষ নেই। কাজের সময় নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় একের পর এক বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে…

February 3, 2026
1 min read

মাতৃত্বে কী ভাবে বদলে গেল দীপিকা পাড়ুকোন!

গত কয়েক মাস ধরে দীপিকা পাড়ুকোনকে ঘিরে চর্চার শেষ নেই। কাজের সময় নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় একের পর এক বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে তাঁর। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ পড়া, এমনকি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েল থেকেও সরে যাওয়া—সব মিলিয়ে বলিউডে বেশ আলোড়ন। কেউ কেউ বলছেন ‘দায়বদ্ধতার অভাব’, আবার অনেকে বলছেন, এটা আসলে তাঁর জীবনের নতুন অধ্যায়ের স্বাভাবিক প্রতিফলন। ঠিক এই বিতর্কের মাঝেই দীপিকা নিজেই জানালেন, এখন তাঁর জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা কী।

মা হওয়ার পর থেকেই নাকি পুরো পৃথিবীটাই অন্য রকম হয়ে গেছে দীপিকার কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী খোলাখুলি বলেছেন, এই মুহূর্তে তাঁর ভাবনার কেন্দ্রে একটাই নাম—মেয়ে দুয়া। কাজ, কেরিয়ার, পরিকল্পনা—সব কিছুর ঊর্ধ্বে এখন সে। দীপিকার কথায়, “আজকাল ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। সেদিন হঠাৎ ব্যাগ খুলে দেখি, মেয়ের আধখাওয়া থেপলা! সেটাই নিয়ে ঘুরে বেড়াচ্ছি।” হাসতে হাসতেই এই কথা বললেও, এর মধ্যেই ধরা পড়ে মাতৃত্বের সেই নিঃশর্ত আবেগ।

শুধু তা-ই নয়, ছোট্ট দুয়া নাকি মায়ের জন্য গানও গায়। দীপিকা জানাচ্ছেন, মেয়ের এই ছোট ছোট কাণ্ডই তাঁর দিনভর ক্লান্তি মুহূর্তে মুছে দেয়। গত বছরের সেপ্টেম্বরে রণবীর সিংহ ও দীপিকার সংসারে আসে কন্যাসন্তান। এখন দুয়ার বয়স প্রায় এক বছর চার মাস। এই অল্প সময়েই দীপিকার জীবন যে আমূল বদলে গেছে, তা লুকোনোর চেষ্টা করেননি অভিনেত্রী।

মাতৃত্ব তাঁকে কী ভাবে বদলে দিয়েছে—এই প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, দুয়া আসার পর থেকেই তাঁর ভিতরে এক অন্য ধরনের দায়িত্ববোধ জন্ম নিয়েছে। এত দিন নিজের জীবন, নিজের স্বপ্ন আর নিজের লক্ষ্য নিয়েই তিনি ভেবেছেন। নিজের ইচ্ছেতেই ঘর ছেড়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, কেরিয়ার গড়েছেন। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।

দীপিকার কথায়, “আগে কখনও এ ভাবে অন্য কারও দায়িত্ব নেওয়ার কথা ভাবিনি। যা করেছি, সবই নিজের জন্য করেছি। মনে হত, আমার যা দরকার, সেটাই আগে। কিন্তু এখন আর নিজেকে প্রথম পছন্দের জায়গায় রাখতে পারছি না। এখন আগে ভাবতে হয় একটা ছোট্ট মানুষের কথা, যে পুরোপুরি আমার উপর নির্ভরশীল।”

এই বদলই সম্ভবত তাঁর কাজের সিদ্ধান্তেও প্রভাব ফেলছে। দীর্ঘ সময়ের শুটিং বা টানা কাজের চাপের বদলে এখন তিনি নিজের সময় বেছে নিতে চাইছেন। সমালোচনা থাকলেও, দীপিকার কথায় স্পষ্ট—এই মুহূর্তে তাঁর জীবনের কেন্দ্রবিন্দু ক্যামেরা নয়, লাল গাল আর ছোট্ট হাসিতে ভরা দুয়া। আর সেই বদল নিয়ে কোনও আক্ষেপ নেই, বরং রয়েছে একরাশ শান্তি।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *