জন আব্রাহাম কি ভালো আছেন?
এক সময় যাঁর সুঠাম পেশিবহুল চেহারা আর গালে টোল পড়া হাসিতে মাতোয়ারা ছিল অনুরাগীরা, সেই জন আব্রাহামকে ঘিরেই এখন উদ্বেগ। ‘জিস্ম’ কিংবা ‘ধুম’-এর সেই পরিচিত জনকে হঠাৎ এমন চেহারায় দেখে অনেকেই চমকে গিয়েছেন।
কালো টি-শার্ট আর প্যান্ট— পোশাকে বিশেষ কিছু নয়। হাতের পেশি এখনও স্পষ্ট। কিন্তু মুখের দিকে তাকালেই চোখে পড়ছে আমূল বদল। ওজন অনেকটাই কমে গিয়েছে, গালের ভরাট ভাব নেই। মাথায় কাঁচাপাকা চুল, মুখে স্পষ্ট বলিরেখা। এই নতুন লুকেই সম্প্রতি নিজের টিমের কয়েক জন সদস্যের সঙ্গে দেখা গিয়েছে জনকে। আর তাতেই শুরু জল্পনা।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলি দেখে অনুরাগীদের একাংশ সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “এটা কী হল জনের? এত বদল দেখে চিন্তা হচ্ছে।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “উনি কি অসুস্থ? নাকি ছবিগুলো এআই দিয়ে বানানো?” অনেকেই লক্ষ্য করেছেন, দ্রুত ওজন কমে যাওয়ার কারণেই মুখে বয়সের ছাপ বেশি স্পষ্ট হয়ে উঠেছে।
তবে এই উদ্বেগের মাঝেই অনেকে জনের পাশে দাঁড়িয়েছেন। এক অনুরাগীর কথায়, “জনের বয়স এখন ৫৪। এই বয়সে চেহারায় পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। দয়া করে নেতিবাচক মন্তব্য বন্ধ করুন।” আবার কারও ধারণা, কোনও নতুন চরিত্রের জন্যই হয়তো নিজের লুক বদলেছেন অভিনেতা। বলিউডে চরিত্রের খাতিরে চেহারায় এমন পরিবর্তন নতুন নয়, আর জন যে নিজের কাজে কতটা সিরিয়াস, তা তো সবাই জানেনই।
উল্লেখযোগ্য বিষয়, জন আব্রাহাম নিজে কিন্তু এই নতুন লুক নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি। তাঁর সমাজমাধ্যমে এমন কোনও ছবি পোস্ট হয়নি, বা কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি। ফলে সবটাই আপাতত জল্পনার স্তরেই রয়েছে।
কাজের দিক থেকে শেষ বার তাঁকে দেখা গিয়েছে ‘তেহরান’ ছবিতে। ছবিটি দর্শকমহলে প্রশংসা পেয়েছে। আপাতত নতুন কোনও প্রজেক্ট বা চরিত্র নিয়ে তাঁর তরফে কিছু জানানো হয়নি।
অতএব, জন সত্যিই অসুস্থ, নাকি এটা নিছক বয়সজনিত পরিবর্তন বা আসন্ন কোনও চরিত্রের প্রস্তুতি— সেই উত্তর এখনও অজানা। তবে ভক্তদের একটাই আশা, প্রিয় অভিনেতা যেন সুস্থ থাকেন এবং আবারও পর্দায় নিজের চেনা ঝলক দেখান।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা