সুগারড্যাডি বানানোর চেষ্টা, ফাঁসানো হচ্ছে গোবিন্দকে!
বলিউডে তারকা দম্পতিদের ব্যক্তিগত টানাপড়েন নতুন নয়। কিন্তু গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক ঘিরে যে বিতর্ক চলছে, তা যেন দিনে দিনে আরও তীব্র হচ্ছে। কিছু দিন আগেই গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন সুনীতা। সেই জল এত দিনে থিতু হওয়ার আগেই ফের স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এ বার সরাসরি ‘সুগারড্যাডি’ শব্দটি ব্যবহার করে গোবিন্দকে ঘিরে নতুন বিতর্ক উসকে দিলেন অভিনেতার স্ত্রী।
এক সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট ভাষায় বলেন, গোবিন্দকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে। তাঁর দাবি, বিনোদনজগতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কিছু অল্পবয়সি মহিলা ইচ্ছাকৃত ভাবে নামী তারকাদের জালে ফেলার চেষ্টা করছেন। সুনীতার কথায়, “আজকাল অনেক মেয়েই ভাবছে, কেরিয়ারে এগোতে হলে একজন করে সুগারড্যাডি দরকার। গোবিন্দকেও সেই রকমই কিছু মানুষ টার্গেট করেছে।”
এর আগেই গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন সুনীতা। যদিও গোবিন্দ সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। স্ত্রী-র এই মন্তব্যের পর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে সেই সময়েই সুনীতা জানিয়ে দেন, যতই সমস্যা থাকুক না কেন, তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন না। সংসার ভাঙার কোনও প্রশ্নই নেই বলে স্পষ্ট করেছিলেন তিনি।
এ বার ফের সেই প্রসঙ্গ টেনে এনে সুনীতা বলেন, “আমাদের বাচ্চারা এখন বড়। এ সব নিয়ে ওরা খুব বিরক্ত হয়। আমি গোবিন্দকে বারবার বলেছি, এটা তোমার বয়স নয়। ৬৩ বছর বয়সে এই ধরনের পরিস্থিতিতে জড়ানো একেবারেই মানায় না।” তাঁর মতে, জীবনের একটা বয়স পর্যন্ত ভুল-ভ্রান্তি মেনে নেওয়া যায়, কিন্তু এই বয়সে এসে দায়িত্ববোধ থাকা জরুরি।
সুনীতার আরও অভিযোগ, গোবিন্দের আশপাশে এমন অনেক অল্পবয়সি মহিলা ঘোরাফেরা করেন, যাঁদের উদ্দেশ্য শুধুই আর্থিক সুবিধা আদায় করা। তিনি বলেন, “এরা দেখতে ভালো নয়, তবু নায়িকা হতে চায়। তাই কারও নাম জড়িয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। টাকা আর সুযোগ পাওয়ার জন্য মানুষকে ফাঁসানোই ওদের লক্ষ্য।”
স্বামীকে সরাসরি সতর্ক করে সুনীতা বলেন, “তুমি কোনও বোকা মানুষ নও। তোমার একটা পরিবার আছে, স্ত্রী আছে, দুটো বড় সন্তান আছে। এই বয়সে এ সব একেবারেই মানায় না। যৌবনে যা করেছে, তা আলাদা কথা। তখন আমরা সবাই কম-বেশি ভুল করি। কিন্তু এখন নয়।”
অন্য দিকে, গোবিন্দ এই গোটা বিতর্কে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলেই দাবি করেছেন। কিছু দিন আগে মুখ খুলে তিনি বলেন, তাঁর পরিবারকে ভাঙার জন্য গভীর চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তে নাকি তাঁর স্ত্রীকেও ব্যবহার করা হচ্ছে। গোবিন্দের মতে, তাঁর ভাবমূর্তি নষ্ট করাই এই সব অভিযোগের মূল উদ্দেশ্য।
সব মিলিয়ে গোবিন্দ-সুনীতার দাম্পত্য নিয়ে ধোঁয়াশা আরও ঘনাচ্ছে। প্রকাশ্যে একে অপরের বক্তব্য যতই সাংঘর্ষিক হোক, বাস্তবে তাঁদের সম্পর্ক কোন পথে এগোবে—সে দিকেই এখন তাকিয়ে বলিপাড়া।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা