বাংলা ছেড়ে হিন্দি ধারাবাহিকে নতুন যাত্রা রোশনির!
অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহরায়ের পরে এ বার বাংলা ছোটপর্দার আরও এক পরিচিত মুখ পা রাখলেন হিন্দি ধারাবাহিকের দুনিয়ায়। তিনি রোশনি ভট্টাচার্য। অভিনয়ের স্বপ্নকে আরও বড় করে দেখতে কিছু দিন আগেই মুম্বইয়ে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। শুরুটা ছিল নাটকের কর্মশালা দিয়ে, তার পর একের পর এক অডিশন। অবশেষে এল বহু কাঙ্ক্ষিত সুযোগ—প্রথম বার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন রোশনি।
বাংলায় জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ এ বার তৈরি হচ্ছে হিন্দিতে। সেই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোশনিকে। নতুন ভাষা, নতুন ইন্ডাস্ট্রি—সব মিলিয়ে তাঁর কাছে এই সুযোগ নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ, আবার সমান ভাবে উত্তেজনারও।
মুম্বইয়ে যাওয়ার সিদ্ধান্তটা যে হঠাৎ নয়, সেটা স্পষ্ট রোশনির কথাতেই। তিনি জানালেন, ডিসেম্বর মাস থেকে তিনি মুম্বইয়ে রয়েছেন। নানা ধরনের অভিনয় কর্মশালায় অংশ নিয়েছেন, নিজেকে নতুন ভাবে তৈরি করার চেষ্টা করেছেন। নায়িকা থেকে খলনায়িকা—সব ধরনের চরিত্র নিয়েই ভাবনাচিন্তা করেছেন। তাঁর কথায়, বাংলা ছোটপর্দা তাঁর কাছে আজও খুব কাছের জায়গা। কিন্তু নিজের সীমা ভেঙে নতুন কিছু করার তাগিদ থেকেই এই শহরে আসা।
রোশনি অকপটে স্বীকার করেন, কাজ পাওয়ার আগেই তিনি মানসিক ভাবে প্রস্তুত ছিলেন যে প্রয়োজনে পার্ট-টাইম কাজ করেও অডিশন দেবেন। তাঁর লক্ষ্য একটাই ছিল—মুম্বইয়ে এসে খালি হাতে ফেরা নয়। তাই সুযোগ আসতে একটু সময় লাগলেও, তিনি পিছিয়ে যেতে রাজি ছিলেন না। বরং এত দ্রুত কাজ পেয়ে যাওয়াটা তাঁর কাছেই একরকম অপ্রত্যাশিত।
এর আগে ‘হৃদয়হরণ বিএ পাশ’ ধারাবাহিকের মাধ্যমে নায়িকা হিসেবে ছোটপর্দায় তাঁর পথচলা শুরু। তার পর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন রোশনি। নিজের এই যাত্রাপথে যাঁরা পাশে ছিলেন, তাঁদের কথা বলতে গিয়ে বার বার উঠে আসে পরিচালক স্নেহাশিস চক্রবর্তী ও রূপসা চক্রবর্তীর নাম। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিনেত্রী।
বাংলা সংস্করণে ‘পরশুরাম আজকের নায়ক’ ইতিমধ্যেই দর্শকের ভালবাসা পেয়েছে। সেখানে নায়ক ছিলেন ইন্দ্রনীল বসু, নায়িকার চরিত্রে তৃণা সাহা। এ বার হিন্দি সংস্করণেও সেই গল্প দর্শকের মন জিততে পারে কি না, সেটাই এখন দেখার। আর সেই সঙ্গে নজর থাকবে রোশনির নতুন ইনিংসের দিকেও—যেখানে সাহস আর স্বপ্ন মিলেমিশে এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা