কোলের শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ, দেখেই আদরে ভরালেন রশ্মিকা!!
বিজয় দেবরকোন্ডার ‘রণবলী’ ছবির চরিত্রের মতো নাকের নীচে ছোট্ট গোঁফ! কোলের শিশুটিকে দেখেই আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। শিশুটিকে আদর করার পাশাপাশি তার সাজ দেখে মুগ্ধতাও প্রকাশ করলেন তিনি। হায়দরাবাদে ছবির প্রচারে গিয়ে অভিনেত্রীর এই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রণবলী’র। ছবির প্রচারে ব্যস্ত বিজয় ও রশ্মিকা। তারই মাঝে অনুরাগীদের সঙ্গে দেখা করতে গিয়ে এমন একটি মুহূর্তের সাক্ষী হলেন অভিনেত্রী, যা নজর কেড়েছে নেটাগরিকদের।
শিশুর মুখে গোঁফ দেখে উচ্ছ্বসিত রশ্মিকা
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হালকা বেগনি রঙের সালোয়ার-কামিজ পরে রয়েছেন রশ্মিকা। তাঁর কোলে একটি ছোট্ট শিশু। খুদের নাকের নীচে লাগানো রয়েছে বিজয়ের ‘রণবলী’ ছবির চরিত্রের আদলে ছোট্ট গোঁফ।
শিশুটির এই সাজ দেখে যেন আনন্দ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। তাকে কোলে নিয়ে আদর করতে করতে বার বার মিষ্টি বলে প্রশংসা করেন তিনি। ছবির প্রচারের ব্যস্ততার মধ্যেও শিশুটির সঙ্গে তাঁর এই স্বতঃস্ফূর্ত আচরণ অনুরাগীদের মন জয় করেছে।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য করেছেন নেটাগরিকেরা। কেউ রশ্মিকার সরলতা ও আন্তরিকতার প্রশংসা করেছেন, আবার কারও মতে, অভিনেত্রীকে ভবিষ্যতে মা হিসাবে খুব মিষ্টি লাগবে। শিশুটির সাজ দেখে অনেকে তাকে ছোট্ট ‘রণবলী’ বলেও অভিহিত করেছেন।
মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজয়-রশ্মিকা
বিজয় ও রশ্মিকার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। মঙ্গলবার ভোরে দু’জনে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে তাঁদের দেখতে ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে রশ্মিকাকে আগলে রাখতে দেখা যায় বিজয়কে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে উদয়পুরে বিয়ে করেন বিজয় ও রশ্মিকা। পরে হায়দরাবাদে তাঁদের বিয়ের প্রীতিভোজের আয়োজন হয়েছিল।
এ বার পর্দায় একসঙ্গে তাঁদের দেখার অপেক্ষায় অনুরাগীরা। ‘রণবলী’ মুক্তি পাওয়ার কথা তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড়—এই পাঁচটি ভাষায়। ছবির মুক্তির আগে শিশুটির সঙ্গে রশ্মিকার এই আদুরে মুহূর্ত প্রচারের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।