নতুন রেস্তরাঁর আগের রাতেই ধাক্কা: শিল্পা শেট্টীর বাড়িতে আয়কর হানা, ফের আলোচনায় রাজ–শিল্পার আইনি জটিলতা

শিল্পা শেট্টীর বাড়িতে আয়কর হানা! আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না শিল্পা শেট্টীর। নতুন রেস্তরাঁর উদ্বোধনের আনন্দ দেখার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি শুরু হয় অভিনেত্রীর। শিল্পা…

December 19, 2025
1 min read

শিল্পা শেট্টীর বাড়িতে আয়কর হানা!

আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না শিল্পা শেট্টীর। নতুন রেস্তরাঁর উদ্বোধনের আনন্দ দেখার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি শুরু হয় অভিনেত্রীর। শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে সূত্রের খবর।

বুধবারই দাদারের জনপ্রিয় রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’-এ আয়কর দফতরের তল্লাশি হয়েছিল। তার পরের দিন শিল্পার বাড়িতে হানা— সব মিলিয়ে ঘটনাক্রমে চাপ বেড়েছে আরও। সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলার সূত্র ধরেই বাড়ি ও রেস্তরাঁয় তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।

এই সবের মাঝেই শিল্পা ঘোষণা করেছিলেন, মুম্বইতে তিনি আরও একটি নতুন রেস্তরাঁ খুলতে চলেছেন। শুক্রবার সকাল ১১টা থেকে সেই রেস্তরাঁর পথচলা শুরু হওয়ার কথা। উদ্বোধনের ঠিক আগের দিনই আয়কর হানার খবরে স্বাভাবিক ভাবেই চর্চা তুঙ্গে। অনুরাগীদের কাছে এই সময়টা শিল্পার জন্য যেমন উত্তেজনার, তেমনই উদ্বেগেরও।

কয়েক দিন আগেই নিজের নতুন উদ্যোগ নিয়ে সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এক পোস্টে তিনি লিখেছিলেন, “এই রেস্তরাঁ আমার সংস্কৃতির শিকড়কে উৎসর্গ করা। এখানে এলে বাড়ির খাবারের স্বাদ পাওয়া যাবে।” সঙ্গে একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে জানান, রান্নাঘর প্রস্তুত, দরজা খুলতে আর মাত্র কয়েক ঘণ্টা। ব্যাস্টিয়নের জনপ্রিয় কিছু পদও নতুন ঠিকানায় মিলবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।

তবে আইনি জটিলতা এখানেই শেষ নয়। সম্প্রতি ব্যাস্টিয়নের বেঙ্গালুরুর শাখাও সমস্যায় পড়েছে। কর্নাটক সরকার পাব ও রেস্তরাঁর জন্য যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। নির্ধারিত সময়ের পরেও রেস্তরাঁ খোলা রাখায় প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ায় কর্তৃপক্ষ। সেই ঘটনাও তখন শিরোনামে উঠে আসে।

শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তাঁদের তরফে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একের পর এক ঘটনায় স্পষ্ট, ব্যক্তিগত ও পেশাগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন অভিনেত্রী। নতুন রেস্তরাঁর সূচনা কি এই চাপের মাঝেই হাসিমুখে সামলাতে পারবেন তিনি— সে দিকেই এখন নজর অনুরাগীদের।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *