উৎসবের আগে সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াল মোদী সরকার, জানুন কবে থেকে কার্যকর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াল মোদী সরকার, জানুন কবে থেকে কার্যকর! উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মহার্ঘ…

October 1, 2025
1 min read

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াল মোদী সরকার, জানুন কবে থেকে কার্যকর!

উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মহার্ঘ ভাতা বা ডিএ আরও ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই সিদ্ধান্তে দেশের প্রায় ১.২ কোটি সরকারি কর্মী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।

চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার ডিএ ২ শতাংশ বাড়িয়েছিল, যা মার্চ মাস থেকে কার্যকর হয়। তার কয়েক মাসের মধ্যেই ফের ডিএ বাড়ানোর ঘোষণা করা হল। নতুন হারে ডিএ ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে। ফলে কর্মীরা অক্টোবর মাসে বেতন পেতে গিয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া ডিএ একসঙ্গে পাবেন। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৫৫ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। নতুন বৃদ্ধির ফলে এই হার বেড়ে দাঁড়াবে ৫৮ শতাংশে। সাধারণত প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে দুই দফায় ডিএ সংশোধন করে কেন্দ্র।

ডিএ বৃদ্ধির হিসাব করা হয় ভোক্তা মূল্য সূচক (CPI)-এর ভিত্তিতে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা নির্ধারিত হয়। এবারের বৃদ্ধি এসেছে সপ্তম বেতন কমিশনের আওতায় শেষবারের মতো, কারণ এর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। যদিও কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে, তা এখনও কার্যকর হয়নি। ফলে এই বৃদ্ধি সপ্তম কমিশনের যুগের শেষ ডিএ বৃদ্ধি বলেই মনে করা হচ্ছে।

এদিকে, ডিএ-র এই নতুন ঘোষণা ঘিরে নতুন করে জোরদার হয়েছে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ফারাকের প্রশ্ন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ বহু দিন ধরে আন্দোলন করছেন। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলাকারীদের অভিযোগ, তাঁরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

রাজ্য সরকারের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হয় না, রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী তা দেওয়া হয়। সংবিধানের ৩০৯ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি রাজ্যের নিজস্ব কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণ করার অধিকার রয়েছে। ফলে কেন্দ্রের ডিএ নীতি রাজ্যগুলির জন্য বাধ্যতামূলক নয়।

এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ফারাক আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকেই। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ফারাক আগেও অনেক ছিল। আজ কেন্দ্র আরও তিন শতাংশ ডিএ ঘোষণা করায় সেই ফারাক আরও বেড়ে গেল। বর্তমান রাজ্য সরকার কি কর্মচারীদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না? আমরা দাবি করছি, অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করুক রাজ্য।”

উল্লেখযোগ্যভাবে, এই ঘোষণা উৎসবের ঠিক আগে আসায় বহু সরকারি কর্মী ও পেনশনভোগীর মুখে হাসি ফুটিয়েছে। সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ বৃদ্ধি হিসেবে এই পদক্ষেপ একদিকে যেমন আর্থিক স্বস্তি এনে দেবে, তেমনি আগামী অষ্টম বেতন কমিশনের সূচনাকেও সামনে এনে দিল। কেন্দ্রীয় কর্মীদের জন্য এই উৎসব মরসুম তাই হয়ে উঠছে আরও আনন্দময়।

পুজোর আনন্দে সুস্থ থাকুন: পুষ্টিবিদের ৫টি সহজ টোটকা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *