স্বরার স্বামীর মন্তব্যে ফের বিতর্ক
বলিউডের দুই স্পষ্টবাদী অভিনেত্রী কঙ্গনা রনৌত ও স্বরা ভাস্করের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত মতভেদ নতুন কিছু নয়। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে বাগ্যুদ্ধ প্রকাশ্যে আসে। তবে এ বার সরাসরি কঙ্গনাকে খোঁচা দিলেন স্বরার স্বামী, সমাজকর্মী ও রাজনীতিবিদ ফহাদ আহমেদ। আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক।
সম্প্রতি স্বরা ও ফহাদ একসঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন। সেখানে কঙ্গনাকে একটি বিশেষ ‘তকমা’ দিতে বলা হলে ফহাদ বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, “আমি ওকে খারাপ রাজনীতিবিদ বলব।” তাঁর যুক্তি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কঙ্গনা উত্তরাখণ্ডের মন্ডী কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। কিন্তু ওই অঞ্চলের মানুষের দুর্দশার সময় বারবার দায়িত্ব এড়িয়ে গিয়েছেন তিনি। ফহাদের অভিযোগ, “বন্যায় বিধ্বস্ত মন্ডীর মানুষ যখন সহায়তার জন্য কাতর, তখন তিনি প্রায়ই বলেন, ‘আমি আর কী করব, আমি তো প্রধানমন্ত্রী নই, মন্ত্রীও নই। আমি কেবল সরকারের সঙ্গে কথা বলতে পারি।’ কিন্তু সাংসদ হিসেবে তো নিজের এলাকার জন্য লড়াই করাটাই প্রথম দায়িত্ব।”
ফহাদের এই মন্তব্যে অনেকে মনে করছেন, স্বরা-কঙ্গনার বহুদিনের দ্বন্দ্ব ফের নতুন মাত্রা পেতে চলেছে। তবে মজার বিষয়, স্বরা কিন্তু স্বামীর কথায় সম্পূর্ণ সায় দেননি। বরং কঙ্গনার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি। স্বরার মতে, “ওর জীবনের যাত্রাপথে এমন অনেক বিষয় আছে যা সত্যিই অনুপ্রাণিত করার মতো। কঙ্গনা কখনও হার মানতে শেখেনি—এটাই ওর শক্তি।”
প্রসঙ্গত, স্বরা ও ফহাদের ভিন্ধর্মী বিয়ে নিয়ে এক সময় প্রচুর কটাক্ষ হয়েছিল। সেই সময় কিন্তু কঙ্গনা তাঁদের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। কঙ্গনার কথাই মনে করিয়ে ফহাদ বলেন, “তিনি বলেছিলেন, আমাদের রসায়ন খুব ভাল লাগে। সেটা অবশ্যই আমি ভুলে যাইনি।”
তবে রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কঙ্গনার ভূমিকা নিয়ে ফহাদ যে সরাসরি প্রশ্ন তুলেছেন, তা বলিউড ও রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। অনেকেই মনে করছেন, সাংসদ হিসেবে দায়িত্ব পালনে কঙ্গনার কার্যকারিতা নিয়ে এই প্রথম এত স্পষ্ট ভাষায় সমালোচনা শোনা গেল।
উল্লেখ্য, কঙ্গনা ও স্বরা একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ছবি “তনু ওয়েডস মনু” এবং “তনু ওয়েডস মনু রিটার্নস”-এ। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু বাস্তব জীবনে দু’জনের সম্পর্ক বরাবরই বিতর্কিত।
ফলত, ফহাদের সাম্প্রতিক মন্তব্যে জল্পনা তুঙ্গে—এ বার কি স্বরা ও কঙ্গনার পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসবে? নাকি এই বিতর্কও আগের মতোই কেবল সাময়িক আলোচনার খোরাক হয়ে থাকবে? সময়ই তার উত্তর দেবে।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ