বাসি শিঙাড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক নতুন পদ!
গরম গরম শিঙাড়া চায়ের সঙ্গে খেতে যতটা আনন্দদায়ক, ঠান্ডা বা বাসি শিঙাড়া খেতে ঠিক ততটাই অনিচ্ছার। আগের দিনের শিঙাড়া ফ্রিজে রেখে গরম করলেও তাতে সদ্য ভাজা শিঙাড়ার সেই টাটকা স্বাদ আর পাওয়া যায় না। কিন্তু খাবার জিনিস ফেলে দেওয়াটা অনেকেরই ভালো লাগে না। তাই ফেলে না দিয়ে বরং সেই শিঙাড়াকে দিন নতুন রূপ। সহজ কিছু কৌশল মেনে বানিয়ে ফেলুন তিনটি লোভনীয় পদ, যা খেয়ে সবাই অবাক হয়ে যাবে!
১. ঘুগনি চাট
বাসি শিঙাড়া দিয়ে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ হতে পারে ঘুগনি চাট। প্রথমে নুন দিয়ে মটর সেদ্ধ করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে দিন পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো, টম্যাটো কুচি এবং সামান্য নুন। সেদ্ধ মটর দিয়ে মশলা মিশিয়ে ভালো করে নেড়ে নিন। অন্যদিকে, ঠান্ডা শিঙাড়াকে চাটু বা কড়াইয়ে হালকা গরম করে প্লেটে রাখুন। শিঙাড়াটি ভেঙে দিন এবং উপর থেকে গরম মটর মশলার মিশ্রণ ঢেলে দিন। তারপর ছড়িয়ে দিন ঝুরিভাজা, চাট মশলা এবং তেঁতুলের টক-মিষ্টি চাটনি। এই ঘুগনি চাটে বাসি শিঙাড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।
২. শিঙাড়া পাও
মুম্বইয়ের বিখ্যাত বড়া পাওয়ের নতুন সংস্করণ আনতে পারেন আপনার রান্নাঘরে। আলুর বড়ার জায়গায় ব্যবহার করুন শিঙাড়া। প্রথমে পাওভাজির জন্য ব্যবহৃত পাউরুটি মাখনে সেঁকে নিন। ঠান্ডা শিঙাড়া গরম করে অর্ধেক ভেঙে সেই পাউরুটির ভেতরে পুরে দিন। উপর থেকে ধনেপাতার চাটনি বা মিষ্টি সস ছড়িয়ে দিন। চাইলে সামান্য পেঁয়াজকুচি বা কাঁচালঙ্কা যোগ করতে পারেন। ব্যস! তৈরি হয়ে গেল সুস্বাদু শিঙাড়া পাও, যা বিকেলের নাস্তা বা ব্রেকফাস্টের জন্য দারুণ একটি নতুন আইডিয়া।
৩. শিঙাড়া চাট
শিঙাড়া চাট তৈরির জন্য কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজকুচি ও টম্যাটোকুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভাজুন। ঠান্ডা শিঙাড়া ভেঙে ছোট ছোট টুকরো করে কড়াইয়ে দিয়ে মিশিয়ে নিন। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে গরমাগরম পরিবেশনের জন্য প্রস্তুত থাকবে শিঙাড়া চাট। উপর থেকে ঝুরিভাজা বা ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলে এর স্বাদ আরও বাড়বে।
গরম শিঙাড়া খাওয়ার মজার সঙ্গে কোনও তুলনা হয় না ঠিকই, তবে বাসি শিঙাড়াকে ব্যবহার করে এই নতুন পদগুলো তৈরি করলে স্বাদে কিন্তু কমতি থাকবে না। বরং আপনার সৃজনশীলতা ও রান্নার কৌশল দেখে সবাই প্রশংসা করবেন। এবার থেকে বাসি শিঙাড়া ফেলে না দিয়ে দিন তাকে নতুন রূপ—সকালের নাস্তা থেকে বিকেলের আড্ডা, যেকোনো সময়েই হয়ে উঠবে সবার প্রিয় স্ন্যাক্স।