তেলতেলে মুখে অব্যর্থ ব্লটিং পেপার!
গ্রীষ্মকাল মানেই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দরদর করে ঘাম আর চেহারায় অস্বস্তিকর তেলচিটে ভাব। সাজগোজ যতই নিখুঁত হোক না কেন, কিছু ক্ষণের মধ্যেই গলে পড়ে মেকআপ। বিশেষ করে রোদের তাপে মুখে যে পরিমাণ সেবাম নিঃসরণ হয়, তাতে ত্বক শুধু তেলতেলে হয়ে ওঠে না, অনেক সময় ব্রণের সমস্যাও দেখা দেয়। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বার বার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া প্রায় অসম্ভব। ঠিক এমন পরিস্থিতির জন্যই মেকআপ প্রেমীদের ব্যাগে জায়গা করে নিয়েছে এক অভিনব জিনিস—ব্লটিং পেপার।
অনেকের কাছেই হয়তো এখনও ব্লটিং পেপার মানে কালি শুকোনোর কাগজ। কিন্তু আজকের দিনে এই কাগজটাই হয়ে উঠেছে সাজের অংশ। কারণ এর অসাধারণ তেল শোষণ ক্ষমতা। খুব সহজে আর স্বচ্ছন্দে মুখের বাড়তি তেল মুছে দিয়ে আপনাকে ফিরিয়ে দিতে পারে এক ঝটকায় সতেজ চেহারা।
কী ভাবে কাজ করে ব্লটিং পেপার?
এটি এক ধরনের পাতলা, শোষণক্ষম কাগজ যা মুখের বাড়তি তেল টেনে নেয়। ব্যবহারও খুবই সহজ—কেবল প্যাকেট থেকে শিটটি বার করে নাক, কপাল বা থুতনির মতো বেশি তেল নিঃসরণকারী জায়গায় আলতো করে চেপে ধরলেই হবে। কোনও ঘষাঘষি নয়, কেবল হালকা চাপেই কাজ হয়ে যাবে।
ব্লটিং পণ্য কী কী সুবিধা দেয়?
১. কোথাও থেকেও ব্যবহারযোগ্য: ফেসওয়াশ, তোয়ালে, জল কিছুই দরকার নেই। ব্যাগ থেকে ব্লটিং পেপার বার করুন, ব্যবহার করুন, ফেলে দিন—ব্যস!
- মেকআপ ধরে রাখে বেশি সময়: মেকআপের উপর তেল জমে গেলে তা গলে যায়। ব্লটিং পেপার ব্যবহারে ম্যাট লুক বজায় থাকে দীর্ঘ ক্ষণ।
- তেলচিটে ভাব তৎক্ষণাৎ দূর করে: মেকআপ থাকুক বা না থাকুক, এই পণ্য মুখের অতিরিক্ত তেল শুষে মুখকে তাজা ও পরিষ্কার দেখায়।
কিছু অসুবিধাও রয়েছে
১. অতিরিক্ত ব্যবহারে উল্টো ফল: বারবার ব্লটিং পেপার ব্যবহার করলে ত্বক তার প্রাকৃতিক তেল উৎপাদনে ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে আরও বেশি তেল তৈরি হতে পারে।
২. ত্বকে জ্বালাভাব: কিছু ব্লটিং পণ্যে থাকা উপাদান ত্বকের সংবেদনশীলতায় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
৩. স্থায়ী সমাধান নয়: এটি সাময়িক তেল দূর করে ঠিকই, তবে অতিরিক্ত সেবাম নিঃসরণের মূল সমস্যার সমাধান নয়।
৪. ব্লটিং পাউডারের অসুবিধা: কিছু ব্লটিং পাউডার তেল শোষণের পরিবর্তে শুধু ত্বককে ম্যাট করে তোলে, ফলে তেলের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে ব্রণ তৈরি হতে পারে।
তাহলে কী করবেন?
ব্লটিং পেপার ব্যবহার অবশ্যই করা যেতে পারে, তবে তা যেন মাত্রাতিরিক্ত না হয়। যদি রি-ইউজযোগ্য ব্লটিং কুশন বা পাফ ব্যবহার করেন, তা হলে অবশ্যই প্রতিবার ব্যবহারের পর ভালভাবে ধুয়ে ফেলুন। না হলে ত্বকে ব্যাকটেরিয়া জমে সমস্যা বাড়াতে পারে।
সবশেষে বলাই যায়, গরমে বাইরে বেরিয়ে যদি মুহূর্তে মুখকে সতেজ আর তেলমুক্ত করতে চান, তবে ব্যাগে একটা ব্লটিং পেপার রাখতেই পারেন। তাতে অন্তত আত্মবিশ্বাসটা ঠিক থাকবে!
কন্যাকে বিশেষ কারণে কান-এ নিয়ে যান ঐশ্বর্যা! বিদেশি উৎসবে আরাধ্যার প্রিয় মুহূর্ত কী?